ট্রাম্পের ‘ছবি তোলার অনুরোধ’ দাবি, ‘বানানো গল্প’ বলে প্রত্যাখ্যান মেলোনির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে তার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রকাশ্য মতবিরোধ সামনে এসেছে।
ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মেলোনি তার সঙ্গে একটি ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন। তবে ট্রাম্পের এই বক্তব্যকে সম্পূর্ণ ‘বানানো গল্প’ বলে উড়িয়ে দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী।
এ ঘটনার পর ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি আগামী সপ্তাহে নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।
পর্যবেক্ষকদের মতে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তের পর থেকেই দুই নেতার আগের ঘনিষ্ঠ সম্পর্কের অবনতি ঘটেছে, আর এই প্রকাশ্য বাকযুদ্ধ সেই ইঙ্গিতই আরও স্পষ্ট করেছে।
চলতি সপ্তাহে ফ্রান্সের পূর্বাঞ্চলের এভিয়াঁ-লে-বাঁ শহরে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ট্রাম্প ও মেলোনিকে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়। পরে মেলোনি সাংবাদিকদের বলেন, তাদের সম্পর্ক আগের মতোই রয়েছে এবং সেখানে কোনো তিক্ততা বা অভিযোগের বিষয় নেই।
তবে এর কিছু সময় পর ইতালির টিভি চ্যানেল লা সেভেন-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সে (মেলোনি) আমার সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেছিল। ওর জন্য আমার মায়া লেগেছিল’।
এভিয়াঁয় অনুষ্ঠিত ওই সম্মেলনে দুই নেতাকে একাধিকবার একসঙ্গে দেখা যায়। একটি ছোট সোফায় বসে তারা দীর্ঘ সময় আলোচনা করেন এবং কথোপকথনের সময় মেলোনিকে হাসতেও দেখা গেছে।
ট্রাম্প আরও বলেন, ‘সম্ভবত সে খুশি যে আমি তার সঙ্গে কথা বলেছি’।



