বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২০ জুন, ২০২৬
বিবিধ

আইফোন প্রেমীদের জন্য দুঃসংবাদ

WhatsApp Image 2026-06-19 at 8.55.56 PM

আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর নয়। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছেন, আগামী দিনের আইফোনের দাম বাড়ানো এড়ানো সম্ভব হবে না। এর প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন মেমোরি চিপের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে, যা শিগগিরই স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

টিম কুক বলেন, বাড়তি উৎপাদন ব্যয়ের চাপ কমানোর জন্য অ্যাপল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত গ্রাহকদের ওপর সেই চাপ না পড়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ ক্রমেই সীমিত হয়ে আসছে। তার ভাষায়, “দুঃখজনক হলেও দাম বাড়ানো অনিবার্য।”

যদিও নতুন আইফোনের মূল্য কতটা বাড়তে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে যাওয়া iPhone 18 সিরিজেই এর প্রভাব দেখা যেতে পারে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, iPhone 18 Pro তৈরিতে ব্যবহৃত মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের খরচ আগের সংস্করণের তুলনায় প্রায় ১৫০ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানও এখন মেমোরি চিপের বড় ক্রেতা হয়ে উঠেছে। ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

এর আগে বাজারে গুঞ্জন ছিল, আইফোন ১৮ প্রোর দাম আগের মডেলের কাছাকাছি রাখা হতে পারে। তবে টিম কুকের সাম্প্রতিক মন্তব্যের পর সেই সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে। বিশ্লেষকদের ধারণা, অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে জন টার্নাস দায়িত্ব গ্রহণের আগেই টিম কুক সম্ভাব্য মূল্যবৃদ্ধির বিষয়ে গ্রাহকদের মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছেন।

আইফোনদুঃসংবাদ