৫ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩
নারী

শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

5

বৈশ্বিক সংকট ও ক্রমবর্ধমান মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে নারীদের সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসক)-এর মানবিক বিষয়ক অধিবেশনে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান। বক্তব্যে শামা ওবায়েদ মানবিক মূল্যবোধ ও নীতির প্রতি বাংলাদেশের অবিচল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

নিউইয়র্ক সফরকালে তিনি নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কেও অংশ নেন। সেখানে টেকসই শান্তি প্রতিষ্ঠা, সংঘাত-পরবর্তী পুনর্মিলন এবং নীতিনির্ধারণী ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অবদানেরও প্রশংসা করেন তিনি। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের দুর্ভোগের চিত্র তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মানবিক সহায়তা খাতে বিদ্যমান অর্থায়ন ঘাটতি পূরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এছাড়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

জাতিসংঘে অবস্থানকালে শামা ওবায়েদের ইকোসকের মানবিক বিষয়ক অধিবেশনের উচ্চপর্যায়ের একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি তিনি জাতিসংঘ উইমেনের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালকের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

Advertisements
Advertisements