৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিনোদন

শাকিব খানের সহ-অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

472b5009c5725c0ac8ff022c8744470bb22074f18c30f570

রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় ঝিলিকের স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছোট ও বড় পর্দার পরিচিত মুখ আসমা ঝিলিক অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন। জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ সিনেমাতেও দেখা গিয়েছিল তাকে। যদিও কয়েক বছর ধরে তিনি বিনোদন অঙ্গন থেকে দূরে ছিলেন।

পারিবারিক সূত্রে দাবি করা হয়েছে, চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন ঝিলিক। সেখানে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে হত্যার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার পর মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য আলামত যাচাইয়ের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, কয়েক বছর আগে নিয়মিত অভিনয়ে সক্রিয় থাকলেও পরবর্তীতে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মনোযোগ দেওয়ার জন্য শোবিজ অঙ্গন থেকে সরে যান আসমা ঝিলিক। তার আকস্মিক মৃত্যু ঘিরে এখন বিনোদন অঙ্গনেও তৈরি হয়েছে নানা আলোচনা।

Advertisements
Advertisements