দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। নতুন এ দাম কার্যকর হবে আজ শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে।
শনিবার (৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।
সবশেষ বাজুস গত ২ জুন সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৭১ বার সমন্বয় করা হয়েছে। যেখানে দাম বাড়ানো হয়েছে ৩৭ বার, কমানো হয়েছে ৩৪ বার। সোনার দামের সঙ্গে সঙ্গে দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। প্রতি ভরিতে ৪০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪২ বার সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম বেড়েছে ২২ বার, কমেছে ২০ বার।



