রাজবাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, বরের জরিমানা ২৫ হাজার টাকা

রাজবাড়ীর কালুখালী উপজেলায় গোপনে আয়োজন করা একটি বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার কালিকাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালিকাপুর ইউনিয়নের একটি বাড়িতে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছে—এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। সেখানে কনের জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে দেখা যায়, তার বয়স আইন অনুযায়ী বিয়ের জন্য নির্ধারিত ন্যূনতম বয়সের নিচে।
পরে তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে বাল্যবিবাহ নিরোধ আইনে সদর উপজেলার চর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. খলিল খাঁর ছেলে মো. সাকিব খাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তিনি অভিযোগ স্বীকার করলে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
এ সময় বর ও কনের পরিবারের সদস্যরা কনের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে লিখিত মুচলেকা দেন।
অভিযান চলাকালে স্থানীয়দের বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী শিক্ষার গুরুত্ব, মাতৃ ও শিশুস্বাস্থ্যের ঝুঁকি এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তির বিষয়ে সচেতন করা হয়।
ইউএনও মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ ধরনের অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোথাও বাল্যবিবাহের তথ্য পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।



