বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২ জুন, ২০২৬
স্পটলাইট

তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, থাকবে আরও কিছুদিন

Heat, thermometer shows the temperature is hot in the sky, Summer

দেশের মোট ৪০টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ রাজশাহী বিভাগের ৮ জেলা, রংপুর বিভাগের ৮ জেলা, বরিশাল বিভাগের ৬ জেলা এবং খুলনা বিভাগের ১০ জেলার ওপর দিয়ে এই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তিনি বলেন, এ মৌসুমে তাপপ্রবাহ স্বাভাবিক এবং তা আগামী দু-একদিন অব্যাহত থাকতে পারে। এ সময় তাপপ্রবাহ আরও কয়েকটি জেলায় বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত না হলে এই পরিস্থিতি চলবে, তবে বৃষ্টি হলে তাপপ্রবাহ কমে আসতে পারে।

মঙ্গলবার সকালে দেওয়া ৫ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বুধবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে।

এ ছাড়া বৃহস্পতিবার রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জেলাতাপপ্রবাহপরিবেশ