বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২ জুন, ২০২৬
বিবিধ

বাংলাদেশের হত্যাকাণ্ড নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বিতর্কে মমতা

IMG_1186

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী বাংলাদেশের একটি ‘বড় হত্যাকাণ্ড’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলায় আয়োজিত এক ধরনা কর্মসূচি থেকে তিনি দাবি করেন, এ ঘটনায় তিনি সব জানেন এবং এর সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্টতা রয়েছে।

মঙ্গলবার কলকাতার ওই কর্মসূচিতে মমতা অভিযোগ করেন, বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডের আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর রাজ্য পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করেছিল।

তিনি আরও দাবি করেন, ঘটনাটি গোপন রাখতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। মমতার ভাষ্যমতে, তাকে বলা হয়েছিল বিষয়টি যেন প্রকাশ না পায়।

যদিও বক্তব্যে তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে ইঙ্গিতপূর্ণভাবে বলেন, ‘কাকে দিয়ে খুন করানো হয়েছিল, কার নাম বেরিয়েছিল- সবই আমি জানি।’ তিনি দাবি করেন, ভদ্রতা এবং বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই তিনি বিস্তারিত প্রকাশ করছেন না।

তিনি আরও বলেন, এসব তথ্য প্রকাশ পেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে, যা তিনি চান না।

তৃণমূল কংগ্রেসের ক্ষমতা হারানোর কিছুদিন পর তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে তার এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কংগ্রেসভারতমমতা ব্যানার্জী