বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১ জুন, ২০২৬
বিনোদন

‘ভালো সিনেমার জয় হবেই’-সমালোচনার জবাব রুশোর

hq720

মুক্তির প্রথম দিনেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে ঢাকাই সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’। দর্শক চাহিদা ও টিকিট বিক্রির ইতিবাচক প্রবণতার কারণে মুক্তির পরদিনই স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির শো সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছে। এসবের কিছু অংশকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে বিরক্তি প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা আজমান রুশো।

সোমবার (১ জুন) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘একটা সিনেমা কারও ভালো লাগতে পারে, আবার খারাপও লাগতে পারে। সেটা স্বাভাবিক। কিন্তু আগে সিনেমাটি দেখে তারপর প্রতিক্রিয়া জানানো উচিত।’ তিনি আরও বলেন, মুক্তির পরপরই যেসব মন্তব্য ছড়ানো হচ্ছে, তা একজন নির্মাতা হিসেবে তাঁর জন্য হতাশার।

‘রকস্টার’ তার প্রথম সিনেমা উল্লেখ করে আজমান রুশো জানান, এতে শাকিব খানকে একজন সংগীতশিল্পীর চরিত্রে দেখা গেছে, যা তার পরিচিত অ্যাকশন ইমেজ থেকে ভিন্ন।

গল্পের প্রসঙ্গে তিনি বলেন, নিজের সংগীতজীবনের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের রকস্টারদের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন।

তিনি আরও বলেন, ‘কিছু মানুষ মিথ্যাচার করছে, কিন্তু সত্য ও ভালো সিনেমার জয় সব সময়ই হবে।’

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে আরও অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েক, রোজী সিদ্দিকী এবং তারিকা আনাম খানসহ আরও অনেকে।

মুক্তির শুরুতেই দর্শক সাড়া এবং শো বৃদ্ধির ঘটনা ‘রকস্টার’-এর বাণিজ্যিক সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

রকস্টাররুশোশাকিব খানসাবিলা নূর