বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৩০ মে, ২০২৬
ভ্রমণ

ঈদের ছুটিতে দর্শনার্থীদের ঢল, মুখর চাঁদপুরের তিন নদীর মোহনা

Boro-Station-Molehead-TOB

ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে চাঁদপুরের ঐতিহ্যবাহী তিন নদীর মোহনা ও বড় স্টেশন মোলহেড এলাকা। জেলার প্রায় ২৮ লাখ মানুষের জন্য উল্লেখযোগ্য কোনো বিনোদন কেন্দ্র না থাকায় ঈদসহ বিভিন্ন উৎসবে ভ্রমণপিপাসু মানুষদের অন্যতম গন্তব্য হয়ে ওঠে এই স্থান।

শনিবার (৩০ মে) সকাল থেকেই চাঁদপুরের বিভিন্ন উপজেলা ছাড়াও কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য ফিরে পায় পুরো মোহনা এলাকা। পরিবার, বন্ধু-বান্ধব ও স্বজনদের সঙ্গে নিয়ে অনেকে উপভোগ করেন নদীঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ।

দিনের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয় তিন নদীর মোহনা। বিশেষ করে বিকেলের সূর্যাস্তের সময় মোহনাজুড়ে সৃষ্টি হয় নয়নাভিরাম দৃশ্য, যা উপভোগ করতে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। নদীর পাড়ে আড্ডা, ছবি তোলা এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত দেখা যায় অনেককে।

দর্শনার্থীদের অনেকে ট্রলার ও নৌকায় করে মেঘনা নদীর বুকে জেগে ওঠা বালুচরেও ঘুরতে যান। স্থানীয়দের কাছে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত এই বালুচরও ভ্রমণপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

চাঁদপুর সদরের চান্দ্রা এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেন পরিবার নিয়ে ঘুরতে এসে বলেন, ‘এই স্থান ছাড়া আমাদের সময় কাটানোর মতো তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই। তাই সুযোগ পেলেই এখানে আসি’।

মানিকগঞ্জ থেকে পরিবার নিয়ে আসা সাইদুল ইসলাম বলেন, ‘ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে একটু ভিন্ন পরিবেশে সময় কাটাতে চাঁদপুরে এসেছি। তিন নদীর মোহনার সৌন্দর্য সত্যিই মুগ্ধকর’।

লক্ষ্মীপুরের রায়পুর থেকে বন্ধুদের নিয়ে আসা মিনহাজ উদ্দিন জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তারা এখানে এসেছেন। তার ভাষায়, ‘তিন নদীর মিলনস্থলের ঢেউ আর প্রাকৃতিক পরিবেশ সবাইকে আকৃষ্ট করে’।

এদিকে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, ঈদ উপলক্ষে তিনটি টহল টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি মোহনা এলাকায় আলাদা নিরাপত্তা টিম এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক টিম মোতায়েন রয়েছে, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে ভ্রমণ ও যাতায়াত করতে পারেন।

দর্শনার্থীদের ভিড়, শিশুদের উচ্ছ্বাস, তরুণদের ছবি তোলার ব্যস্ততা এবং নদীর ঢেউয়ের মৃদু শব্দে ঈদের আমেজে উৎসবমুখর হয়ে উঠেছে চাঁদপুরের তিন নদীর মোহনা।

ঈদুল আজহাচাঁদপুরদর্শনার্থী