এক যুগ ধরে সেক্সুয়ালি অ্যাবিউজের শিকার, দাবি অভিনেত্রী ফারিয়ার

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ভয়ংকর অনলাইন অ্যাবিউজের শিকার হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেছেন তিনি। দীর্ঘদিন সহ্য করার পর অবশেষে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

ফারিয়া অভিযোগ করেছেন, শরীফ আজাদ (ডাক্তার আইজুদ্দিন) নামের এক ব্যক্তি গত ১২-১৩ বছর ধরে তাকে অনলাইনে হয়রানি করছেন। তার দাবি, ওই ব্যক্তি এআই দিয়ে তার ছবি বিকৃত করে, মনগড়া গল্প লিখে এবং যৌন ইঙ্গিতপূর্ণভাবে ছবি ছড়িয়ে দেন। ফারিয়া বলেন, ‘আমি আগে পাত্তা দিইনি, ব্লক করে রেখেছি। কিন্তু সে অবসেসিভলি প্রতিদিন আমার ছবি এআই দিয়ে এডিট করে বিকৃত করে।’
ফারিয়ার দাবি, বছরের পর বছর ধরে তিনি অনলাইনে মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। তার ভাষ্যমতে, আগে বিষয়টি সহ্য করলেও গত দেড় বছরে হয়রানির মাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। প্রতিকার চেয়ে তিনি অভিযুক্তের স্ত্রী রেহনুমা সারমিনের কাছেও বার্তা পাঠিয়েছিলেন। তবে সেখান থেকে কোনো সাড়া না পাওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী।
ফারিয়া আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচয় দিলেও বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে থাকেন। পাশাপাশি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি আদালতে হয়রানির মামলা রয়েছে এবং সংশ্লিষ্ট ঘটনায় কারাভোগও করেছেন বলে পোস্টে উল্লেখ করেন অভিনেত্রী।
এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু না বলার কারণও ব্যাখ্যা করেছেন ফারিয়া। তিনি জানান, গুরুত্ব না দিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন দীর্ঘদিন। তবে এখন আর চুপ থাকা সম্ভব হচ্ছে না। পোস্টের শেষে হতাশা ও ক্লান্তির কথা তুলে ধরে তিনি লেখেন, এই অভিযোগ প্রকাশের পর হয়রানি আরও বাড়তে পারে জেনেও তিনি কথা বলতে বাধ্য হয়েছেন। বছরের পর বছর ধরে একই পরিস্থিতি সহ্য করতে করতে তিনি ক্লান্ত বলেও উল্লেখ করেন।



