সবসময়ই নেতিবাচকতার বিরুদ্ধে আওয়াজ তোলা জরুরি: সোনাক্ষী

এবার প্রথমবারের মতো পর্দায় আইনজীবীর চরিত্রে হাজির হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা । তবে সিনেমায় নয়, নতুন এই চরিত্রে দেখা যাবে একটি ওয়েব সিরিজে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘দহাড়’-এর পর আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন এই অভিনেত্রী।
‘সিস্টেম’ নামের কোর্টরুম ড্রামা সিরিজে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষী। সিরিজটিতে তাকে দেশের প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যাবে। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী জ্যোতিকা এবং নির্মাতা-অভিনেতা আশুতোষ গোয়াড়কের। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নিশান্ত সিং, বিক্রান্ত কোহলি, আদিনাথ কোঠারে, গৌরব পান্ডে, অজয় মাধক ও দিবিজা গম্ভির।
সিরিজটির গল্প লিখেছেন হারমান বেওজা, অক্ষান্ত ঘিলদিয়াল ও তাসনিম লক্ষন্ডওয়ালা। পরিচালনা করেছেন অশ্বিনী আইয়ার তিওয়ারি। চলতি সপ্তাহেই এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম -এ।
এদিকে অভিনয়ের পাশাপাশি সম্প্রতি সামাজিক মাধ্যমে ট্রোলিং ও নেতিবাচক মন্তব্য নিয়ে খোলামেলা কথা বলে আলোচনায় আসেন সোনাক্ষী। এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে অনলাইনে বিদ্বেষমূলক মন্তব্যের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে, একা কারও পক্ষে তার বিরুদ্ধে লড়াই করা কঠিন।
অভিনেত্রীর ভাষায়, সামাজিক মাধ্যম খুললেই নেতিবাচক মন্তব্য চোখে পড়ে। সবসময় লড়াই করার বদলে অনেক সময় সেগুলো এড়িয়ে যাওয়াই ভালো বলে মনে করেন তিনি। তবে পরিবারকে নিয়ে কোনো কটূক্তি করা হলে তিনি কখনোই চুপ থাকেন না।
সোনাক্ষী বলেন, ‘যদি কেউ আমার পরিবারকে নিয়ে এমন কিছু বলে, যা সহ্য করার মতো নয়, তখন অবশ্যই আমি প্রতিবাদ করি। প্রয়োজন হলে প্রত্যেকেরই নিজের জন্য রুখে দাঁড়ানো উচিত।’
বলিউড তারকাদের ট্রোলিংয়ের শিকার হওয়া নতুন কিছু নয়। ব্যক্তিগত জীবন, পোশাক কিংবা চেহারা— প্রায় সবকিছু নিয়েই সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়তে হয় তাদের। সেই বাস্তবতাকেই এবার অকপটে সামনে আনলেন ‘দাবাং’খ্যাত এই অভিনেত্রী।



