ঈদে আসছে ফুয়াদ–ফারিয়ার ‘লোকে বলে’

ঢাকার শোবিজে নুসরাত ফারিয়ার শুরুটা হয় বেলাল খানের গাওয়া একটি গানের মডেল হিসেবে। এরপর অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে আসেন আলোচনায়। একটা সময় টেলিভিশন নাটক হয়ে সিনেমায় অভিনয় শুরু করেন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় তার যাত্রাটা সবার চোখে পড়ে। একটা পর্যায়ে এসে সিনেমার অভিনয়কে পুঁজি করে গান প্রকাশেও মনোযোগী হন ফারিয়া।

অভিনয়জীবনের পাশাপাশি সংগীতেও সমানভাবে সরব থাকতে এই তারকা প্রথম গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৮ সালে, ‘পটাকা’ গানটির মাধ্যমে। এই গান প্রকাশের পর আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়। এরপর তিনি আরও চারটি গান প্রকাশ করেছেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন গান প্রকাশ করছেন তিনি। ফোক ও পপ সুর-সংগীতের মিশ্রণে নতুন এই গানের শিরোনাম ‘লোকে বলে’। গানের নতুন আয়োজনে সঙ্গী হয়েছেন নন্দিত সুরকার ও সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির।
এর কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। সংগীতায়োজনে তার সহকারী ছিলেন দোতারা শিল্পী আনন্দ শিকদার, দেশের আলোচিত পারকাশন বাদক মিঠুন দাস ও বাঁশী শিল্পী কামরুল আহমেদ।
গানের মিক্স ও মাস্টার করেছেন অভিষেক ঘটক। সম্প্রতি ‘নাইন অ্যান্ড হাফ’ নামে শুটিং সেটে গানের দৃশ্যধারণ করা হয়েছে। গানের কোরিওগ্রাফির পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা বাবা যাদব। মিউজিক ভিডিওতে শিল্পী নুসরাত ফারিয়া ও সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির দুজনই অংশ নিয়েছেন। ঈদের দিন একযোগে এসভিএফ ও বিলিং মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।
আয়োজকরা জানান, ‘বিলিং’ তৈরি হয়েছিল বাংলাদেশের নতুন প্রজন্মের শিল্পী আর সংগীতকে নতুন একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার প্রয়াসে। যার যাত্রা শুরু বাংলাদেশি চলচ্চিত্রের মেগাতারকা শাকিব খানের ‘রকস্টার’ ও নন্দিত অভিনেতা আফরান নিশো ‘দম’ সিনেমার গান দিয়ে; যা দর্শক-শ্রোতার মাঝে দারুণ সাড়া ফেলেছে। সেই সাফল্যকে সামনে রেখে তাদের এই নতুন আয়োজন। যেখানে থাকছে ফুয়াদ-ফারিয়ার ফোক-পপ ঘরানার ভিন্ন ধাঁচের আয়োজন ‘লোকে বলে’।
গানটি সংগীতপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা। দুই বছর বিরতির পর নতুন একক গানের প্রকাশনা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘গানের ভুবনে আরও নতুন কিছু তুলে ধরার আকাঙ্ক্ষা থেকে ফুয়াদের সঙ্গে ‘লোকে বলে’ গানটি তৈরি করা। আগের চারটি গান থেকে এবারের আয়োজন একেবারেই আলাদা। যেখানে শ্রোতারা নতুন এক নুসরাত ফারিয়াকে আবিষ্কার করবেন বলে আমার ধারণা।’ নুসরাত ফারিয়ার মতো এই আয়োজন নিয়ে আশার কথা শুনিয়েছেন সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির নিজেও।
বিনোদন জগতে নুসরাত ফারিয়ার আগমন ঘটেছিল উপস্থাপক হিসেবে। এরপর মডেল ও অভিনেত্রী হিসেবে দর্শক মনোযোগ কাড়েন তিনি। টেলিভিশনের পর চলচ্চিত্র দর্শক মনে জায়গা করে নিতেও খুব একটা সময় লাগেনি তাঁর। এরপর আগের পরিচয়গুলো ধরে রেখেই তিনি পা রেখেছিলেন গানের জগতে। নান্দনিক ভিডিওসহ প্রকাশিত তার চারটি গান অনেকের মনোযোগ কেড়েছে। সে কারণে নুসরাত ফারিয়া চেষ্টা করে যাচ্ছেন অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি ভিন্ন স্বাদের কিছু তৈরি করে যাওয়ার। অন্যদিকে ফুয়াদ আল মুক্তাদির ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন শিল্পী ও তাদের গানের দল ‘এফএনএফ’র নতুন আয়োজনে।



