বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
সাহিত্য-সংস্কৃতি

নজরুল পুরস্কারে সম্মানিত হচ্ছেন ফাতেমা তুজ জোহরা ও রশিদুন নবী

collage

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর গান চর্চা, প্রসার এবং তাঁর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি–র ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা এবং গবেষক ও অধ্যাপক রশিদুন নবী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ মে (শনিবার) বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই আনুষ্ঠানিকভাবে ‘নজরুল পুরস্কার ২০২৬’ তুলে দেওয়া হবে তাদের হাতে।

সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা দীর্ঘদিন ধরে নজরুলগীতি ও আধুনিক গান পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। গান ছাড়াও টেলিভিশন ও মঞ্চ উপস্থাপক হিসেবেও তিনি পরিচিত মুখ। সাহিত্যচর্চাতেও রয়েছে তাঁর সক্রিয় উপস্থিতি। তাঁর লেখা উপন্যাস, গল্প, কবিতা ও ছড়ার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০৬ সালে একুশে পদকে ভূষিত হন।

অন্যদিকে, অধ্যাপক ড. রশিদুন নবী একাধারে শিক্ষাবিদ, নজরুল গবেষক, সংগীতজ্ঞ ও স্বরলিপিকার হিসেবে পরিচিত। নজরুলসংগীতের অন্যতম বৃহৎ সংকলন ‘নজরুল-সংগীত সংগ্রহ’- এর সম্পাদক হিসেবেও তিনি বিশেষভাবে পরিচিত। কর্মজীবনের পাশাপাশি মুক্তিযুদ্ধেও রয়েছে তাঁর গৌরবময় ভূমিকা। ১৯৭১ সালে দশম শ্রেণির ছাত্র থাকাকালে তিনি সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

নজরুল পুরস্কারফাতেমা তুজ জোহরারশিদুন নবী