২৭ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ১১ কার্তিক ১৪৩৩
সাহিত্য-সংস্কৃতি

ইংরেজি সাহিত্যের চিরদুঃখী সিলভিয়া প্লাথের জন্মদিন আজ

ইংরেজি সাহিত্যের চিরদুঃখী সিলভিয়া প্লাথের জন্মদিন আজ

আজ ২৭ অক্টোবর, মার্কিন কবি ও ঔপন্যাসিক সিলভিয়া প্লাথের জন্মদিন। ইংরেজি সাহিত্যের চিরদুঃখীনী ১৯৩২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে জন্মগ্রহণ করেন । বেঁচে থাকলে আজ ৯৪ বছরে পা দিতেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এই সাহিত্যিক। মাত্র ৩০ বছরের জীবনে তিনি রেখে গেছেন এমন কিছু সাহিত্যকর্ম, যা আজও বিশ্বজুড়ে পাঠকের কাছে সমাদৃত।

আত্মস্বীকারমূলক কবিতার জন্য বিশেষভাবে পরিচিত সিলভিয়া প্লাথের লেখায় ব্যক্তিগত অনুভূতি, আত্মপরিচয়ের সংকট, সম্পর্ক ও জীবনের জটিল অভিজ্ঞতা গভীরভাবে উঠে এসেছে। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে উপন্যাস দ্য বেল জার এবং কবিতার সংকলন এরিয়েল।

শৈশব ও শিক্ষাজীবন

সিলভিয়া প্লাথের বাবা অটো প্লাথ ছিলেন জার্মান বংশোদ্ভূত অধ্যাপক ও পতঙ্গবিজ্ঞানী। মা অরেলিয়া প্লাথ ছিলেন শিক্ষাবিদ। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহী ছিলেন সিলভিয়া। মাত্র আট বছর বয়সে তার একটি কবিতা প্রকাশিত হয়।

১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের স্মিথ কলেজে ভর্তি হন প্লাথ। ১৯৫৫ সালে সেখান থেকে স্নাতক শেষ করার পর ফুলব্রাইট বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। সেখানে পরিচয় হয় ইংরেজ কবি টেড হিউজের সঙ্গে। ১৯৫৬ সালে তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তান—ফ্রিডা ও নিকোলাস।

যে বইগুলো তাকে পরিচিতি দিয়েছে

Advertisements

সিলভিয়া প্লাথের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে দ্য বেল জার, এরিয়েল এবং দ্য কলোসাস অ্যান্ড আদার পোয়েমস। তার লেখার বিশেষত্ব হলো ব্যক্তিগত অভিজ্ঞতা ও আবেগকে গভীর ও শক্তিশালী ভাষায় তুলে ধরা।

১৯৬০ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ দ্য কলোসাস অ্যান্ড আদার পোয়েমস। ১৯৬৩ সালে প্রকাশিত হয় তার উপন্যাস দ্য বেল জার। আধা-আত্মজীবনীমূলক এই উপন্যাসে এসথার গ্রিনউড নামের এক তরুণীর অভিজ্ঞতার মধ্য দিয়ে পরিচয়, সামাজিক প্রত্যাশা ও ব্যক্তিগত সংকটের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

তার অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ এরিয়েল প্রকাশিত হয় ১৯৬৫ সালে, মৃত্যুর পর। এতে সংকলিত কবিতাগুলোয় তীব্র আবেগ, আত্মপরিচয়, সম্পর্ক ও অস্তিত্বের নানা প্রশ্ন উঠে এসেছে। ‘ড্যাডি’, ‘লেডি লাজারাস’ ও ‘মর্নিং সং’ তার আলোচিত কবিতাগুলোর মধ্যে রয়েছে।

মরণোত্তর পুলিৎজার পুরস্কার

১৯৬৩ সালের ১১ ফেব্রুয়ারি মাত্র ৩০ বছর বয়সে মারা যান সিলভিয়া প্লাথ। তবে তার সাহিত্যকর্ম মৃত্যুর পরও ব্যাপক স্বীকৃতি পায়। ১৯৮১ সালে প্রকাশিত দ্য কালেক্টেড পোয়েমস কাব্যগ্রন্থের জন্য ১৯৮২ সালে তিনি মরণোত্তর পুলিৎজার পুরস্কার লাভ করেন। মরণোত্তর এই সম্মান অর্জনকারী প্রথম কবি তিনি।

সিলভিয়া প্লাথের কবিতা ও উপন্যাস আজও বিশ্বসাহিত্যের পাঠক, গবেষক ও সমালোচকদের আগ্রহের বিষয়। ব্যক্তিগত অভিজ্ঞতাকে সাহিত্যের শক্তিশালী ভাষায় রূপ দেওয়ার ক্ষমতা এবং কবিতার স্বতন্ত্র শৈলীর কারণে তার সাহিত্যকর্ম নতুন প্রজন্মের পাঠকের কাছেও প্রাসঙ্গিক হয়ে রয়েছে।

Advertisements