বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৯ মে, ২০২৬
বিনোদন

৫৫ মিলিয়ন ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা

shakira main

স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে জয় পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। দেশটির জাতীয় উচ্চ আদালত শাকিরার ওপর আরোপিত ৫৫ মিলিয়ন ইউরো (৭১০ কোটি টাকা) মূল্যের জরিমানা অবৈধ ঘোষণা করে তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৮ মে) স্পেনের ন্যাশনাল হাই কোর্ট কর বিভাগের ২০১১ সালের একটি সিদ্ধান্ত বাতিল করে এই রায় দেন। ওই বছর শাকিরা স্পেনের ‘ট্যাক্স রেসিডেন্ট’ ছিলেন কি না, তা নিয়ে বিতর্ক ছিল। 

আদালত জানিয়েছেন, কর বিভাগ তাদের দাবির সপক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে এবং শাকিরার ওপর আইনবিরোধী নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সেই সময় বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে থাকা এই গায়িকা-গীতিকার কর কর্তৃপক্ষের সমালোচনা করেছেন। 

তিনি বলেন, ‘এই মামলাটি আমার সম্মান নষ্ট করার জন্য একটি সুপরিকল্পিত প্রচারণায় রূপ নিয়েছিল।’

আদালত উল্লেখ করেছেন যে, ২০১১ সালে শাকিরা স্পেনে ১৮৩ দিনের বেশি অবস্থান করেছিলেন—যা ‘ট্যাক্স রেসিডেন্ট’ হওয়ার জন্য ন্যূনতম শর্ত—তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে স্প্যানিশ কর সংস্থা। এছাড়া, স্পেনে তার ‘আর্থিক স্বার্থের কেন্দ্রবিন্দু’ ছিল বা ‘দেশটির বাসিন্দাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক’ ছিল, এমনটিও প্রমাণ করা সম্ভব হয়নি।

শাকিরার আইনি দল যুক্তি দিয়েছিল যে, বছরের অর্ধেকের বেশি সময় স্পেনে কাটানো তার জন্য অসম্ভব ছিল। কারণ ২০১১ সালে তিনি বিশ্ব সফরে ছিলেন এবং ৩৭টি ভিন্ন দেশে ১২০টি কনসার্টে অংশ নিয়েছিলেন। 

তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘স্পেনে তখন তার কোনো বাড়ি ছিল না, কোনো সন্তান ছিল না এবং দেশটিতে তার ব্যবসার কোনো সদর দপ্তরও ছিল না।’ 

উল্লেখ্য, শাকিরা ও পিকের দুই সন্তান ২০১৩ এবং ২০১৫ সালে জন্মগ্রহণ করে। ২০২২ সালে তারা আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন।

আদালত জানিয়েছেন, স্পেনের কর সংস্থাকে ৫৫ মিলিয়ন ইউরো জরিমানার অর্থের পাশাপাশি এর ওপর সুদও শাকিরাকে প্রদান করতে হবে। তবে কর সংস্থা জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে আপিল করবে। সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, সোমবারের এই রায় ২০১২-১৪ কর বছরের জন্য শাকিরার সঙ্গে হওয়া সমঝোতাকে প্রভাবিত করবে না। 

সেই সময়েও শাকিরা দাবি করেছিলেন যে তিনি স্পেনের ‘ট্যাক্স রেসিডেন্ট’ ছিলেন না। তবে ২০২৩ সালের নভেম্বরে একটি সমঝোতা চুক্তির আওতায় শাকিরা ২০১২-১৪ সালের কর ফাঁকির ছয়টি অভিযোগ স্বীকার করে নেন এবং কারাদণ্ড এড়াতে ৭.৩ মিলিয়ন ইউরো জরিমানা দিতে রাজি হন। সেই সময় শাকিরা বলেছিলেন যে তিনি সন্তানদের রক্ষা করতে এবং ক্যারিয়ারে মন দিতে তিনি এই সমঝোতায় পৌঁছেছেন।

সোমবার শাকিরার দল ২০১১ সালের এই মামলার রায়কে একটি ‘চূড়ান্ত বিজয়’ হিসেবে অভিহিত করেছে। 

শাকিরা বলেন, ‘বিগত আট বছরেরও বেশি সময় ধরে জনরোষের লক্ষ্যবস্তু হওয়া, আমার সম্মান নষ্ট করার সুপরিকল্পিত প্রচারণার পর অবশেষে আদালত সত্যটা সামনে এনেছেন’।

৫৫ মিলিয়নকরকলম্বিয়াজয়পপ তারকাফেরতশাকিরাস্পেন