কারিনা দেশে ফিরছেন আজ, শুধুই স্মৃতি হয়ে

লিভার- সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর গত শনিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন। কারিনা কায়সারের মরদেহ আজ রোববার বিকেলে দেশে আনা হবে। তাঁকে বহনকারী বিমানটি বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন তাঁর বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
এদিকে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কারিনার জানাজার অনুরোধ জানিয়েছেন ছাত্র ও জুলাই যোদ্ধারা। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কায়সার হামিদ।
বিমানবন্দর থেকে কারিনার মরদেহ নেওয়া হবে বনানী ডিওএইচএসে। সেখানে কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এশার আগে বনানী দরবার শরিফ মসজিদে হবে দ্বিতীয় জানাজা। পরদিন সোমবার বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে তাঁকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিনার মায়ের দেওয়া মসজিদের জায়গার পাশেই তাঁকে সমাহিত করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কারিনার মরদেহ দেশে আনার ব্যাপারে বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ একটি পোস্ট করেন। তিনি আরও লেখেন, ‘আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে বা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। এই দুঃসময়ে যারা আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’



