ক্যারিয়ার নয়, ফিলিস্তিনিদের পক্ষেই থাকতে চান হান্নাহ
ফিলিস্তিন ইস্যুতে নীরব থাকার মূল্য নিজের ক্যারিয়ার হারানোর চেয়েও বেশি বলে মন্তব্য করেছেন হলিউড অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার। কান চলচ্চিত্র উৎসবে নত...

ফিলিস্তিন ইস্যুতে নীরব থাকার মূল্য নিজের ক্যারিয়ার হারানোর চেয়েও বেশি বলে মন্তব্য করেছেন হলিউড অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার। কান চলচ্চিত্র উৎসবে নতুন ছবি নিয়ে হাজির হয়ে তিনি বলেন, যেসব বিষয়কে তিনি ন্যায়সংগত মনে করেন, সেগুলো নিয়ে কথা বলা থেকে তাকে কেউ বিরত রাখতে পারবে না। চলতি বছর কান উৎসবে হান্নাহর নতুন কুইয়ার স্ল্যাশার ড্রামা ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিসমা’ প্রদর্শিত হয়েছে। সেখানে এক আলোচনায় অংশ নিয়ে ‘হ্যাকস’ অভিনেত্রী বলেন, ফিলিস্তিনিদের কাছ থেকেই তিনি সাহস নিয়ে কথা বলতে শিখেছেন।

হান্নাহ বলেন, ‘আমি সেই ফিলিস্তিনিদের পথ অনুসরণ করি, যারা সব সময় নিজেদের হয়ে কথা বলতে বাধ্য হয়েছেন।‘ তিনি আরও বলেন, ‘আমি এমন এক ঐতিহ্যের অংশ হতে পেরে খুশি, যেখানে ফিলিস্তিনি ও তাদের ইহুদি মিত্ররা এমন এক সময়ে সরব থেকেছেন, যখন অনেকেই নীরব থাকতে বেছে নিচ্ছেন। আমি তাদের অনুসরণ করি।‘
সুজান সারান্ডন ও মেলিসা বারেইরা ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে কাজ হারানোর অভিযোগ তুলেছেন। এ প্রসঙ্গে হান্নাহকে জিজ্ঞেস করা হলে, তারও কি ‘কালোতালিকাভুক্ত’ হওয়ার ভয় আছে, তিনি বলেন, ‘আমি মনে করি তারা যা জানেন, আমিও তা–ই জানি- চুপ থাকার মূল্য আরও বেশি।‘ তিনি আরও বলেন, ‘কথা না–বলার ভেতরে আরও বড় এক ক্ষয় আছে। জীবনে কোনটা গুরুত্বপূর্ণ, সেটা পরিষ্কার থাকতে হবে। আমার ছোট্ট ক্যারিয়ার কখনোই একটি মানুষের জীবনের সমান হতে পারে না। তাই আমি এটাকে দায়িত্ব মনে করি এবং সব সময়ই কথা বলব।‘ আলোচনায় হান্নাহ আরও কয়েকজন হলিউড তারকার প্রশংসা করেন, যারা প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘আমি মেলিসা, সুসান, মার্ক রাফালো বা হাভিয়ের বারদেম- সবার সঙ্গেই কাজ করতে চাই।‘
গত বছরের এমি অ্যাওয়ার্ডসে পুরস্কার গ্রহণের সময়ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনায় আসেন হান্নাহ। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘ফ্রি প্যালেস্টাইন।‘ পরে এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দুঃখজনকভাবে হলিউডে অনেক মানুষ তখনই কোনো ইস্যুকে গুরুত্ব দেয়, যখন সেটি কোনো শ্বেতাঙ্গ মানুষের সঙ্গে সম্পর্কিত হয়ে পড়ে।‘
কানে নিজের নতুন ছবি ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিসমা’ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। ছবিটিতে তিনি ‘ক্রিস’ নামের এক স্বাধীনচেতা চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন, যিনি পুরোনো একটি কাল্ট হরর ফ্র্যাঞ্চাইজি নতুনভাবে ফিরিয়ে আনতে চান। তার সঙ্গে আছেন সেই সিরিজের একসময়ের ‘স্ক্রিম কুইন’, যার ভূমিকায় অভিনয় করেছেন গিলিয়ান অ্যান্ডারসন। হান্নাহর ভাষ্য অনুযায়ী, ছবিটি মূলত যৌনতা ঘিরে লজ্জা ও অস্বস্তির অনুভূতি নিয়ে তৈরি, যেসব বিষয় নিয়ে সমাজে খুব কম আলোচনা হয়।


