৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিনোদন

‘রক্তিম চাঁদ উঠলেই আবার দেখা হবে’—কারিনা কায়সারকে নিয়ে ডানার আবেগঘন পোস্ট

karina-dana_20260509_152117536

সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও আরেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। তিনি ডানা ভাই জোস নামে পরিচিত।

বন্ধুর মৃত্যুতে শোকাহত ডানার সেই পোস্ট ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ছুঁয়ে গেছে ভক্ত-অনুরাগীদের হৃদয়ও।

ডানা তার পোস্টে লিখেছেন, কারিনার হাসিটাই ছিল সবচেয়ে সুন্দর। তিনি সবসময় বন্ধুদের পাশে থাকতেন। তার ভাষায়, ‘কারিনা ছিল সুখ, বন্ধুত্ব আর মমতার আরেক নাম।‘

বন্ধুত্বের স্মৃতিচারণ করতে গিয়ে ডানা জানান, এমন একটি দিনও তার মনে পড়ে না যেদিন তাদের কথা হয়নি। কারিনা তাকে শিখিয়েছিলেন কীভাবে জীবনকে ভালোবাসতে হয়। নিজের কাছের মানুষ হোক কিংবা দূরের- সবাইকে সমানভাবে আগলে রাখতেন তিনি।

ডানা আরও লেখেন, শেষ জন্মদিনে মজা করে তিনি কারিনাকে বলেছিলেন, ‘কারিনা আছে, তাই আর জন্মদিনের পরিকল্পনা করতে হয় না।‘  জবাবে কারিনা বলেছিলেন, ‘আমি যতদিন বেঁচে আছি, সারাজীবনই করব।‘

সেই প্রতিশ্রুতি কারিনা রেখেছেন, তবে ভুলে গেছেন তাদের দু’জনের আরেকটি কথা ‘যখনই রক্তিম চাঁদ উঠবে, পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমরা আবার দেখা করব।‘

Advertisements

আবেগভরা পোস্টে ডানা বলেন, ‘তুমি হয়তো আমাদের সবচেয়ে প্রিয় মানুষ ছিলে, হয়তো আল্লাহরও সবচেয়ে প্রিয় ছিলে বলেই তিনি তোমাকে এত তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে গেলেন। আবার দেখা হবে বন্ধু। আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর জায়গায় রাখুন। তুমি যেমন আমাদের জীবনের রোদেলা আলো ছিলে, তেমনি আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাও হয়ে থাকবে।‘

প্রসঙ্গত, লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছিল কারিনা কায়সারকে। শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোবিজ অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে অভিনয়জগতের অনেকেই সামাজিক মাধ্যমে তার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছে।

Advertisements