২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
নারী

৯ বার ওমরাহ ও একবার হজ জীবনের নানা স্মৃতি শোনালেন রুবাবা দৌলা

WhatsApp Image 2026-05-15 at 9.59.22 PM

কর্পোরেট ব্যক্তিত্ব ও উদ্যোক্তা রুবাবা দৌলা জানিয়েছেন, তিনি ৯ বার ওমরাহ এবং একবার হজ করার সৌভাগ্য অর্জন করেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

রুবাবা দৌলা বলেন, ১৯৮৫ সালে পরিবারসহ সৌদি আরবে যান এবং ১৯৮৮ সালে দেশে ফেরেন। রিয়াদে অবস্থানকালে তিনি নিয়মিত আবায়া পরতেন এবং ওই সময়ই ৯ বার ওমরাহ করার সুযোগ পান। পরে ২০১১ সালে হজ সম্পন্ন করেন।

সাক্ষাৎকারে তিনি জানান, রিয়াদে থাকাকালীন খেলাধুলার প্রতিও তার গভীর আগ্রহ ছিল। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ব্যাডমিন্টন ও লং জাম্পে চ্যাম্পিয়নও হন তিনি।

দেশে ফিরে প্রথমে হলিক্রস কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও পরে বাবার বদলির কারণে চট্টগ্রামে চলে যান। সেখানে কমার্স কলেজে পড়াশোনা শুরু করেন। সে সময় তার বাবা বুঝতে পারেন যে, পড়াশোনার চেয়ে খেলাধুলার প্রতিই তার আগ্রহ বেশি।

রুবাবা স্মৃতিচারণ করে বলেন, একদিন তার বাবা তাকে প্রশ্ন করেছিলেন- তিনি জীবনের পিরামিডের নিচে থাকতে চান নাকি একেবারে শীর্ষে। বাবার সেই কথাই তাকে জীবনে বড় কিছু করার অনুপ্রেরণা দেয়।

তিনি আরও জানান, এরপর মাত্র তিন মাস মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হওয়ায় শুরুতে পরিবার ও শিক্ষকদের সহায়তায় অনুবাদ করে পড়তে হতো। পরে ফল প্রকাশের দিন দেখা যায়, তিনি শুধু প্রথম বিভাগেই পাস করেননি, বরং মেধাতালিকায় স্থানও অর্জন করেন। এমনকি পত্রিকায় তার ছবিও প্রকাশিত হয়েছিল।

Advertisements

Advertisements