বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনবুধবার, ১৩ মে, ২০২৬
জীবনযাপন

হঠাৎ বৃষ্টিতে ভেজা চুলের যত্ন

বাংলাদেশের আবহাওয়া যেন এখন এক অদ্ভুত দোলাচল- সকালে ঝকঝকে রোদ, দুপুরে হঠাৎ কালো মেঘ, তারপর ঝুম বৃষ্টি। অফিসে বের হওয়ার সময় যতই সুন্দর করে চুল সেট করা হ...

5c1abfdcabad36718068c0de65870ca0bb422dc0a9eccbbd

বাংলাদেশের আবহাওয়া যেন এখন এক অদ্ভুত দোলাচল- সকালে ঝকঝকে রোদ, দুপুরে হঠাৎ কালো মেঘ, তারপর ঝুম বৃষ্টি। অফিসে বের হওয়ার সময় যতই সুন্দর করে চুল সেট করা হোক না কেন, এক ঝটকা বৃষ্টি পুরো পরিকল্পনাই বদলে দেয়। বিশেষ করে যেসব নারীর চুল বড়, তাদের জন্য এই সময়টা আরও বেশি ঝামেলার।


ভেজা চুল নিয়ে অফিসে বসে থাকা যেমন অস্বস্তিকর, তেমনি দীর্ঘ সময় চুল না শুকালে ঠান্ডা লাগা, মাথাব্যথা, খুশকি কিংবা চুল পড়ার সমস্যাও বাড়ে। তবে একটু সচেতনতা আর কিছু সহজ অভ্যাস এই সমস্যাগুলো অনেকটাই কমিয়ে দিতে পারে।

হঠাৎ বৃষ্টিতে চুল ভিজে গেলে অফিসে কীভাবে চুল শুকাবেন?

অনেকেই ভেজা চুল শক্ত করে বেঁধে ফেলেন, যা সবচেয়ে বড় ভুলগুলোর একটি। ভেজা অবস্থায় চুলের গোড়া সবচেয়ে দুর্বল থাকে। এ অবস্থায় চুল বেঁধে ফেললে চুলের গোঁড়ায় টান পড়ে চুল পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায়। তাই প্রথম কাজ হলো চুলকে যত দ্রুত সম্ভব স্বাভাবিকভাবে শুকানোর সুযোগ দেওয়া। বেশিই ভিজে গেলে স্বাভাবিকভাবে ছেড়ে দিলে চুল শুকাতে অনেক সময় লেগে যাবে এবং ততক্ষণে চুলের ক্ষতি হয়ে যাবে।

তাই অফিসে পৌঁছে প্রথমে একটি শুকনো তোয়ালে বা টিস্যু দিয়ে চুলের পানি আলতোভাবে চেপে মুছে ফেলুন। মুছে অতিরিক্ত পানিটা সরিয়ে ফেলুন। কিন্তু জোরে ঘষবেন না, জোরে ঘষলে চুল রুক্ষ হয়ে যায় এবং ভেঙে যায়। এরপর সম্ভব হলে কিছুক্ষণ চুল খোলা রাখুন যাতে বাতাস লাগতে পারে। শুধু তোয়ালে বা টিস্যুর হাল্কা চাপে চুল সম্পূর্ণ শুকাবে না তাই খোলা রেখে বাতাস লাগানোর সুযোগ করে দিতে হবে।

ব্যাগে ছোট মাইক্রোফাইবার তোয়ালে রাখুন। সাধারণ তোয়ালের চেয়ে মাইক্রোফাইবার তোয়ালে দ্রুত পানি শোষণ করে এবং চুল কম ক্ষতিগ্রস্ত হয়। মাইক্রোফাইবারের তোয়ালেগুলো খুব নরম হয় এবং ছোট করে ভাঁজ করা যায়। এ ধরণের তোয়ালে খুব সহজেই অফিসের ব্যাগে রাখা যায়।

তোয়ালে বা স্বাভাবিক বাতাসে যদি চুল না শুকায় তাহলে অফিসের ফ্যানকে কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে, চুল সামান্য খুলে রেখে ফ্যানের বাতাস লাগতে দিন। কিছুক্ষণ অপেক্ষা করলেই চুল শুকিয়ে যাবে। দ্রুত শুকাতে ফ্যানের কাছাকাছি বা যেখানে বাতাস সরাসরি লাগে সেখানে অবস্থান করুন।

হেয়ার ড্রায়ার এর বাতাসের চেয়ে ফ্যানের বাতাসে চুল শুকানো বেশি নিরাপদ। হেয়ার ড্রায়ারের গরম বাতসে চুল শুকালে চুলের অনেক ক্ষতি হয়। চুলের আগা ফেঁটে যাওয়া, গোড়া নরম হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া এমনি মাথা ব্যথারও কারণ হতে পারে হেয়ার ড্রায়ারের গরম বাতাস। তাছাড়াও হেয়ার ড্রায়ার বহন করা কষ্টকর এবং সব অফিসে ব্যবহারের সুযোগ নাও থাকতে পারে।

চুল পুরো শুকানোর আগে বেঁধে ফেলবেন না। ভেজা চুল খোঁপা বা পনিটেইল করে রাখলে মাথার ত্বকে ঘাম ও আর্দ্রতা জমে ফাঙ্গাল সমস্যা বা খুশকি হতে পারে। তাই বেঁধে ফেলার জন্য চুল সম্পূর্ণ শুকানো অব্দি অপেক্ষা করুন।

ব্যাগে রাখুন জরুরি কিছু জিনিস

• ছোট চিরুনি
• মাইক্রোফাইবার তোয়ালে
• হেয়ার ক্লিপ
• অতিরিক্ত রাবার ব্যান্ড
• ছোট ড্রাই শ্যাম্পু (সম্ভব হলে)

এই ছোট ছোট অভ্যাস বা যত্নই আপনার চুলের ক্ষতি হওয়া থেকে বাঁচাবে। তাই শত ব্যস্ততার মাঝে নিজের চুলের জন্য একটু সময় বের করে চুলকে দিন স্বাস্থ্যকর জীবন।

অফিসবৃষ্টিভেজা চুলযত্ন