সোশ্যাল মিডিয়ায় দূরত্ব, বাস্তব জীবনেও কি আলাদা হচ্ছেন মৌনী-সুরজ?
বিনোদন দুনিয়ায় ফের চর্চায় মৌনী রায় ও সুরজ নাম্বিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের সম্পর্কের ভাঙ্গনের গুঞ্জন। নেটিজেনদের নজরে এসেছে যে ইনস...

বিনোদন দুনিয়ায় ফের চর্চায় মৌনী রায় ও সুরজ নাম্বিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের সম্পর্কের ভাঙ্গনের গুঞ্জন। নেটিজেনদের নজরে এসেছে যে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন এই তারকা দম্পতি। রেডিট ও ইনস্টাগ্রামের কয়েকটি পোস্টে বিষয়টি সামনে আসতেই তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে মৌনী বা সুরজ কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।
২০২২ সালের জানুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌনী রায় ও সুরজ নাম্বিয়া। বাঙালি ও মালায়লি—দুই রীতি মেনেই বিয়ে হয় তাদের। কিন্তু মাত্র চার বছরের দাম্পত্য ভেঙে গেছে বলে গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তাদের বিচ্ছেদের খবরে বিষণ্ণ ভক্তরা। যদিও এই দম্পতি একে অপরকে আনফলো করেছেন তবে মৌনির প্রোফাইলে এখনও সুরজের সঙ্গে তার বিয়ের ছবি দেখা যাচ্ছে এবং সুরজের ইনস্টাগ্রামেও মৌনির সঙ্গে কয়েকটি ছবি রয়েছে।

মৌনীর টিমকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান। পূর্বে নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গে মৌনীর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন বরাবরই আলাপ থেকে দূরে রাখতে চেয়েছেন। জানা যায়, ২০১৯ সালের নববর্ষে দুবাইয়ে পারস্পরিক পরিচিতদের মাধ্যমে প্রথম দেখা হয় মৌনী ও সুরজের। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। প্রায় দুই বছর সম্পর্কের পর পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
জানুয়ারি ২০২২ এ- গোয়ায় তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। বাঙালি ও দক্ষিণ ভারতীয় উভয় রীতির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং তাদের বিয়ে অনলাইনে সবচেয়ে আলোচিত তারকা অনুষ্ঠানগুলোর মধ্যে একটি হয়ে ওঠে।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও অংশীদার ছিলেন তারা। ২০২২ সালে সম্মিলিত উদ্যোগে চালু করেন একটি এডটেক প্ল্যাটফর্ম।

২০২৩ সালে যাত্রা শুরু করেন ‘বদমাশ’ নামের রেস্টুরেন্টের। গ্ল্যামার জগত থেকে দূরে থাকতেই পছন্দ করেন সুরজ। মৌনীর সাথে সম্পর্ক থাকাকালীন সময়েও আলোচনা থেকে নিজেকে আড়ালে রাখতে চেয়েছেন সুরজ। বেঙ্গালুরুতে জন্ম নেওয়া সুরজ পেশায় একজন ব্যবসায়ী এবং ইনভেস্টমেন্ট ব্যাংকার। কর্মসূত্রে দীর্ঘ সময় দুবাইয়েও কাটিয়েছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে ফিন্যান্সিয়াল ও ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছেন সুরজ। পরবর্তীতে পারিবারিক ব্যবসার সঙ্গেও যুক্ত হন তিনি। মৌনী রায়ের তারকাজীবনের বিপরীতে তার জীবনযাপন বেশ ব্যক্তিগত ও কর্পোরেট দুনিয়াকেন্দ্রিক।
ব্যক্তিগত জীবন সম্পর্কিত আলোচনার মধ্যেও ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন মৌনী রায়। সামনে মুক্তি পাচ্ছে তার ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’, ‘ব্রহ্মাস্ত্র ২’ ও মধুর ভান্ডারকরের নতুন সিনেমা।


