বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনমঙ্গলবার, ১২ মে, ২০২৬
স্পটলাইট

আবারও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

পরপর দুই দিন রাজধানীতে বৃষ্টি হলেও কমেনি বায়ুদূষণ। সাধারণত বৃষ্টির পর ঢাকার বাতাসের মান কিছুটা উন্নত হয়। তবে এবার সেই চিত্র দেখা যায়নি। মঙ্গলবার (১২ ম...

Air-pollution-69f978e466345

পরপর দুই দিন রাজধানীতে বৃষ্টি হলেও কমেনি বায়ুদূষণ। সাধারণত বৃষ্টির পর ঢাকার বাতাসের মান কিছুটা উন্নত হয়। তবে এবার সেই চিত্র দেখা যায়নি। মঙ্গলবার (১২ মে) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে জনবহুল নগরী ঢাকা।

আজ সকাল ৮ টা ৩০ মিনিটে আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুর মান ছিল ১৯৮, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। সূচক ২০০ ছাড়ালে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। রাজধানীর তিনটি এলাকায় বায়ুর দূষণের মাত্রা ছিল তুলনামূলক বেশি। গত সোমবার (১১ মে) সকাল ও সন্ধ্যাতেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। আজ বাতাসের এ দূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ার বেশ কিছু পরামর্শ দিয়েছে।

অন্যদিকে বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি ও চীনের উহান শহর। এ দুই শহরের বায়ুর মান যথাক্রমে ১৬৫ ও ১৫৮।

ঢাকার বেশি দূষিত এলাকাগুলো

আজ নগরীর তিন এলাকার বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে আগারগাঁও। এ এলাকার বায়ুমান ২৭৩। এরপর দূষণের তালিকায় আছে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (২৪১) ও বেচারাম দেউড়ি (২৩১)।

সাধারণত এপ্রিল মাসের পর থেকেই ঢাকার বাতাসের মান ভালো হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুতই বাতাসের মান ভালো হয়। এপ্রিল পেরিয়ে মে মাসের প্রায় অর্ধেকটা চলে গেল, কিন্তু বাতাসের মান ততটা উন্নত হচ্ছে না।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

আইকিউএয়ারঢাকাবায়ুদূষণ