কে এই মালাইকা চৌধুরী?
ইউটিটউবে ট্রেন্ডিংয়ের থাকা নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ক্ষতিপূরণ’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরী। তবে প্রশ...

ইউটিটউবে ট্রেন্ডিংয়ের থাকা নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ক্ষতিপূরণ’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরী। তবে প্রশ্ন হচ্ছে কে এই মালাইকা চৌধুরী?
ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর মতো অবিকল দেখতে! প্রথম দেখায় যে কেউই তাকে মেহজাবীন ভেবে ভুল করবেন। হুবহু মেহজাবীনের মতো দেখতে তার ছোট বোন মালাইকা। তিনিও টুকটাক মডেলিং করেন।

শৈশব থেকে সহপাঠী, বন্ধু ও আত্মীয়স্বজনের কাছে শুনতে হতো, ‘তোমার বোন অভিনয় করে, তুমিও একদিন অভিনেত্রী হবা।’ এসব শুনে মালাইকা উত্তর দিতেন-‘হয়তো অভিনেত্রী হতে পারি, আবার না– ও পারি।’ শৈশব পেরোনো সেই মালাইকা এখন বোনের পথেই হাঁটছেন। বড় বোনকে আদর্শ মেনে অভিনয়ের পথে পা বাড়াতে চান বলেও জানালেন।
মালাইকার বয়স যখন ছয়–সাত বছর, তখন অভিনয় করবেন কি না, এ নিয়ে কিছুটা দোটানায় ছিলেন। এর মধ্যে একদিন পরিবারে জানান, অভিনয় করতে চান। সেদিন অভিনয় নিয়ে পরিবারের সায় থাকলেও আগে পড়াশোনায় মনোযোগী হতে বলেন সবাই। সেদিনের কথা মনে করে মালাইকা বলেন, ‘ছোটবেলায় আপুকে অভিনয় করতে দেখে আমিও চেয়েছিলাম অভিনয় করতে। তখন আব্বু–আম্মু বলেন, “আগে পড়াশোনা শেষ করতে হবে। একসঙ্গে দুইটা করতে গেলে, পড়াশোনার ক্ষতি হবে। দেখা যাবে, মনোযোগ পড়াশোনা থেকে অভিনয়ে ডাইভার্ট হয়ে গেছে।” তাই তখন পড়াশোনায় মন দিই। তবে মনে মনে অভিনেত্রী হওয়ার পরিকল্পনাও করি।’ মালাইকা অভিনেত্রী মেহজাবীনের আদরের ছোট বোন।

শৈশবের মালাইকা যখন তাঁর বড় বোন মেহজাবীনের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যেতেন, তখন মেহজাবীনকে শুনতে হতো, ‘তোমার বোন অভিনয় করবে কি না।’ কিন্তু তখন মালাইকার বয়স কম থাকায় তাঁরাও চাইতেন না, তখনই অভিনয়ে আসুক। বাড়িতে বোনের অভিনয় দেখে বড় হওয়া মালাইকা তাঁর বোনের জনপ্রিয়তাও টের পেতেন।
মালাইকার অভিনয়ের প্রতি ভালোবাসার কথা জানতেন বড় বোন মেহজাবীন। বিষয়টি মনে করিয়ে দিয়ে মালাইকা বলেন, ‘আমি যখন ও- লেভেল শেষ করে, এ–লেভেলে পড়ছি, তখন মাঝেমধ্যে আপু আমাকে বলতেন, “একটি টিভিসির কাজ আছে, মডেল হবি কি না। অভিনয় করবি কি না।” কিন্তু পড়াশোনার চাপ থাকায় করা হয়নি। গত বছর জুনে আপু যখন বিজ্ঞাপনে মডেল হওয়ার প্রস্তাব দেয়, রাজি হয়ে যাই। তখন আমার ছুটিও ছিল। ভাবলাম, যেহেতু অভিনয় করতে চাই, শুরুটা তো করতে হবে। ভালো ব্র্যান্ড ও পরিচালকের কারণে রাজি হয়ে যাই।’
মেহজাবীন বলেন, ‘সে অ্যাক্টিং করতে চায় কি না, তার ইচ্ছা। আমি কখনোই ইন্টারফেয়ার করতে চাই না। ওর পড়াশোনা ঠিক রেখে অভিনয়টা করতে পারে। আর ইন্টারেস্টটেড না হলেও সমস্যা নাই। পরিবার থেকে আমরা সবার ব্যাপারে সাপোর্টিভ। আমি যেভাবে সাপোর্ট পেয়েছি, মালাইকাও সেভাবেই পাবে। অভিনয়, মডেলিং বা অন্য কোনো জব হোক- সে যেটা করতে চায়, সেটাতে আমরা তাঁর পাশে আছি।’


