বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনসোমবার, ১১ মে, ২০২৬
বিনোদন

অবশেষে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে

গতকাল রোববার বাবা কায়সার হামিদ কারিনার শারীরিক অবস্থা প্রসঙ্গে বলেছিলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্...

karina-kaysar-20260509165844

গতকাল রোববার বাবা কায়সার হামিদ কারিনার শারীরিক অবস্থা প্রসঙ্গে বলেছিলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এর মধ্যে তার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।’

অবশেষে লিভার-সংক্রান্ত জটিলতায় গত শুক্রবার রাত থেকে লাইফ সাপোর্টে থাকা কারিনাকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। মেয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা ও আর্থিক চাপে ভেঙে পড়া কায়সার হামিদ বলেন, “মাত্রই ভিসা হাতে পেলাম। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ওকে নিতে আসবে। এখানে হাসপাতালের অনেক বিল, আবার এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও বড় অঙ্কের টাকা লাগছে। আম্মার আর আমার কিছু ফিক্সড ডিপোজিট ভাঙছি, একটা জমির বায়নাও করছি। আজকের মধ্যেই সব শেষ করতে হবে।” এ সময় দোয়া চেয়ে তিনি বলেন, ‘এখন সবচেয়ে বড় বিষয় হলো ওকে নিরাপদে সেখানে নেওয়া এবং দ্রুত চিকিৎসা শুরু করা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

একজন অসহায় বাবার কণ্ঠে তখন স্পষ্ট হয়ে উঠছিল উদ্বেগ আর দুশ্চিন্তা। মেয়ের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওকে নিরাপদে সেখানে পৌঁছানো। দ্রুত চিকিৎসা শুরু করতে পারলে হয়তো একটা আশার জায়গা থাকবে।”

পরিবার সূত্রে জানা গেছে, লিভার ফেইলিউরের কারণে বর্তমানে লাইফ সাপোর্টে আছেন কারিনা। তার শরীরে সংক্রমণ ছিল। আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা থাকলেও পরে হেপাটাইটিস এ শনাক্ত হয়। কয়েক দিন আগে থেকে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও দ্রুত জটিলতা বাড়তে থাকে। একপর্যায়ে লিভার ফেইলিউর দেখা দিলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয়ে নিয়মিত হচ্ছিলেন কারিনা। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর ছিল আলাদা জনপ্রিয়তা। হাস্যরসাত্মক ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।

এয়ার অ্যাম্বুলেন্সকারিনা কায়সারচেন্নাই