‘আমাদের দেশের মানুষ একটু বেশি আশা করে, এটা ঠিক না’
নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করেছে মাসখানিক আগ থেকে। ১০ দিনের ক্যাম্প হয়েছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে। আগামীকাল দল যাবে...

নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করেছে মাসখানিক আগ থেকে। ১০ দিনের ক্যাম্প হয়েছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে। আগামীকাল দল যাবে থাইল্যান্ডে। সেখানে এক সপ্তাহের ক্যাম্প করার পাশাপাশি স্থানীয় প্রিমিয়ার লিগের দুটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন আফঈদা খন্দকারেরা। এরপর সেখান থেকেই ২১ মে সরাসরি দল যাবে ভারতে।
‘আমাদের দেশের মানুষ একটু বেশি আশা করে, এটা ঠিক না’—সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কথাটি বলেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপে দলের রক্ষণভাগের পারফরম্যান্স ও সমর্থকদের প্রত্যাশা নিয়ে এক প্রশ্নে এভাবেই নিজের মত জানালেন আফঈদা।
এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের রক্ষণ ও ডিফেন্ডারদের ব্যস্ত থাকতে হয়েছে চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তানের সামনে। সেটাই অবশ্য স্বাভাবিক ছিল। তারপরও কখনো কখনো মেয়েরা উদ্যম হারিয়েছেন। সেন্টার ব্যাক ও অধিনায়ক আফঈদার সময়টাও সেখানে খুব একটা ভালো যায়নি।
সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২২ এবং ২০২৪ সালে পরপর দুবার সাফ জেতেন লাল সবুজের মেয়েরা। এবার হ্যাটট্রিক শিরোপা জেতার হাতছানি। শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাসী বাংলাদেশ। অধিনায়ক আফঈদা খন্দকারও আশাবাদী। বলেন, ‘এবার আমাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জেতার সুযোগ। আমাদের প্রস্তুতি ভালো। গ্রুপে শক্তিশালী ভারত রয়েছে। তারপরও আমরা ভালো খেলে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’


