টানা বৃষ্টিতে মন খারাপ? জেনে নিন মন ভালো রাখার উপায়

বৃষ্টি অনেকের কাছেই রোমান্টিক, শান্ত ও উপভোগ্য একটি আবহ। কিন্তু একই সঙ্গে অনেক মানুষ এই সময়টায় হঠাৎ করেই মন খারাপ, অলসতা বা একধরনের বিষণ্ণতা অনুভব করেন। এটি শুধু “মুড” নয়, বরং এর পেছনে কিছু বাস্তব মনস্তাত্ত্বিক ও শারীরবৃত্তীয় কারণও রয়েছে।
আলো কমে যাওয়া ও মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন
বৃষ্টির দিনে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ফলে সূর্যের আলো কম পাওয়া যায়। সূর্যালোক আমাদের মস্তিষ্কে সেরোটোনিন (Serotonin) নামক “হ্যাপি হরমোন” তৈরি করতে সাহায্য করে। আলো কমে গেলে সেরোটোনিনের মাত্রা কমে যেতে পারে, যার ফলে মন খারাপ বা ক্লান্ত লাগা স্বাভাবিক।
মেলাটোনিন বৃদ্ধি ও ঘুম ঘুম ভাব
অন্ধকার বা মেঘলা পরিবেশে শরীরে মেলাটোনিন (Melatonin) হরমোন বেশি তৈরি হয়, যা ঘুমের জন্য দায়ী। তাই বৃষ্টির দিনে অনেকেরই বেশি ঘুম পায়, অলসতা আসে এবং কাজের প্রতি আগ্রহ কমে যায়।
স্মৃতি ও আবেগের সংযোগ
বৃষ্টি অনেক সময় অতীতের স্মৃতি জাগিয়ে তোলে। পুরোনো সম্পর্ক, একাকিত্ব বা হারানোর অনুভূতি—এসব আবেগ হঠাৎ করে মাথায় চলে আসতে পারে। ফলে মনটা ভারী হয়ে ওঠে।

একাকিত্বের অনুভূতি
বৃষ্টি হলে বাইরে যাওয়া কমে যায়, সামাজিক যোগাযোগও সীমিত হয়ে পড়ে। এই বিচ্ছিন্নতা অনেকের মধ্যে একাকিত্বের অনুভূতি বাড়িয়ে দেয়, যা মন খারাপের একটি বড় কারণ।
আবহাওয়াজনিত মানসিক প্রভাব (SAD)
কিছু মানুষের ক্ষেত্রে Seasonal Affective Disorder (SAD) নামে একটি অবস্থা দেখা যায়, যেখানে নির্দিষ্ট আবহাওয়ায় (বিশেষ করে কম আলোতে) দীর্ঘ সময় ধরে মন খারাপ থাকে। এটি সাধারণ বিষণ্ণতার মতো হলেও আবহাওয়ার সঙ্গে সম্পর্কিত।
তবে কি বৃষ্টির দিনে মন ভালো রাখার কোনো উপায় নেই? অবশ্যই আছে। সমস্যা থাকবে কিন্তু সমাধান থাকবে না এমন তো হতে পারে না।
ঘরোয়া আরামদায়ক পরিবেশ তৈরি করা
বৃষ্টির দিনে ঘরের পরিবেশকে আরামদায়ক করে তুললে মন অনেকটাই ভালো থাকে। হালকা আলো, পরিষ্কার বিছানা, আরামদায়ক পোশাক এবং গরম পানীয়—এসব ছোট ছোট বিষয় মানসিক স্বস্তি এনে দেয়।
অন্ধকারে থাকবেন না
বাইরে বৃষ্টি থাকলেও ঘর অন্ধকার করে না রেখে আলো জ্বালিয়ে রাখুন। প্রয়োজনে বারান্দায় গিয়ে কিছু সময় প্রাকৃতিক আলোতে থাকুন। আলোয় থাকা মনকে কিছুটা হলেও চনমনে রাখতে সাহায্য করে।
প্রিয় খাবার ও গরম পানীয়
চা, কফি, স্যুপ বা হালকা ভাজাপোড়া খাবার বৃষ্টির দিনের আনন্দ বাড়িয়ে দেয়। প্রিয় খাবার খাওয়ার সময় মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়, যা মনকে ইতিবাচক করে তোলে।
সঙ্গীত ও বিনোদন
প্রিয় গান শোনা, সিনেমা বা ওয়েব সিরিজ দেখা বৃষ্টির দিনে একঘেয়েমি দূর করতে সাহায্য করে। বিশেষ করে ধীর, শান্ত সুরের গান মানসিক প্রশান্তি দেয়।
হালকা ব্যায়াম বা ঘরের ভেতর নড়াচড়া
অনেকক্ষণ বসে থাকলে অলসতা ও মন খারাপ বাড়ে। হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম করলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে এবং মন সতেজ হয়।
একাকিত্বের জালে জড়াবেন না
নিজেকে একা হতে দেবেন না। মন খারাপের মুহূর্তে হয়তো কারও সঙ্গেই কথা বলতে ভালো লাগছে না। তাতে কী? আপনজনদের দূরে ঠেলে দেবেন না। বন্ধুদের সঙ্গে বাইরে ঘোরার সুযোগ না পেলে বাড়িতেও তাঁদের নিমন্ত্রণ করতে পারেন। অনলাইনেও আড্ডা দিতে পারেন। একাকিত্ব মানসিক অবসাদ বাড়ায়। মন খারাপের সময় একা না থাকাই ভালো।



