“ আমি জড়িত নই” : অর্থ আত্মসাতের মামলায় বাবার গ্রেপ্তার সম্পর্কে নায়িকা পূজা চেরী
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়কে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাবার গ্রেপ্তার ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এবার মুখ খুলেছেন এই অভিনেত্রী।
রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এসব জানান পূজা চেরী। বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার ব্যক্তিগত বা পেশাগত কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন তিনি।

পূজা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়ের গ্রেপ্তার এবং আর্থিক লেনদেনসংক্রান্ত অভিযোগ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেছে। এসব ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা ফোন এবং বার্তায় জানতে চাইছেন। সার্বিক পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।’ তিনি আরো বলেন, ‘আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি।’

‘একজন শিল্পী হিসেবে আমি সবসময় দর্শকদের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে কষ্টদায়ক, তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়। আমি আশা করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নিবেন।’
এমন স্পর্শকাতর সময়ে অহেতুক তাকে বা তার কাজকে এই ঘটনার সঙ্গে না জড়ানোর জন্যও বিনীত অনুরোধ করেন পূজা চেরী।
উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পূজা মনে করেন, এটি আইনি বিষয় এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নিবেন।



