বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
নারী

আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়

hockey_1

অভিষেকের উত্তেজনা কাটতে না কাটতেই ইতিহাস গড়ে ফেলল বাংলাদেশের মেয়েরা। নতুন পথচলার শুরুতেই জয়ের স্বাদ পেয়েছে তারা। জাকার্তায় অনুষ্ঠিত উইমেন্স এশিয়ান গেমস বাছাইপর্বে উজবেকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক হকিতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল।

শুক্রবার (২৪ এপ্রিল) জিবিকে হকি ফিল্ডে নারী এশিয়ান গেমস কোয়ালিফায়ারে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল দলটি। ম্যাচের শুরুতেই রিমন শারিকার গোলে এগিয়ে যায় দল, তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। উজবেকিস্তানের খুজায়েভা মাদিনাবোনু পেনাল্টি কর্নার থেকে দ্রুত সমতা ফেরান।

প্রথম কোয়ার্টারের সেই লড়াইয়ের পর দ্বিতীয় কোয়ার্টারে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। ২৪তম মিনিটে ওপেন প্লে থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আক্তার কণা, যা প্রথমার্ধের শেষ পর্যন্ত ধরে রাখে দল।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচের মোড় আরও নিজেদের দিকে ঘুরিয়ে নেয় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ম্যাচসেরা আইরিন রিয়া। তবে শেষ কোয়ার্টারে সহজে হার মানেনি উজবেকিস্তান। খায়াদারোভা জুলখুমর পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান কমিয়ে আনে দলটি।

Advertisements

শেষদিকে চাপের মুখেও দারুণ স্থিরতা দেখিয়েছে বাংলাদেশের তরুণ দল, যাদের বেশিরভাগই অনূর্ধ্ব-২১ পর্যায়ের খেলোয়াড়। সেই দৃঢ়তা দিয়েই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইতিহাস রচনা করে তারা।

আন্তর্জাতিক সিনিয়র পর্যায়ে এটি বাংলাদেশের নারী হকি দলের প্রথম জয়, যা তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ২০২৬ এশিয়ান গেমসে জায়গা পাওয়ার লড়াইয়েও নতুন গতি এনে দিয়েছে।

Advertisements
আন্তর্জাতিকজয়নারীবাংলাদেশহকি