বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোয়ন পেলেন না অভিনেত্রী চমক

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারলেন না ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মনোনয়নপত্র সংগ্রহ ও সাক্ষাৎকারে অংশ নেওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত তালিকায় নেই তার নাম। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে সাক্ষাৎকারও দিয়েছিলেন তিনি। তা শেষে চমক গণমাধ্যমকে বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। কথা বলে ইতিবাচক মনে হয়েছে। আমি শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।’ শুধু চমকই নন, শোবিজ অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখও মনোনয়নপত্র কিনেছিলেন। তাদের মধ্যে ছিলেন কনকচাঁপা ও বেবী নাজনীনের মতো তারকারা। কিন্তু চূড়ান্ত তালিকায় তাদের কারোরই নাম স্থান পায়নি।
বরিশালে জন্ম হলেও রুকাইয়া জাহান চমক বেড়ে উঠেছেন ঢাকায়। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন তিনি। এরপর ২০২০ সালে বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। মহানগর, অসমাপ্ত, হায়দারের মতো জনপ্রিয় কিছু নাটকে অভিনয় করেছেন চমক। জুলাই গণঅভ্যুত্থানে তিনি সরব হয়েছিলেন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। এরপর আবার তিনি মনোযোগ দেন অভিনয় ও কন্টেন্ট ক্রিয়েশনে। সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দিয়ে রাজনীতির অঙ্গনে পা দেন। সংরক্ষিত নারী আসনে যাওয়ার আগ্রহ থাকলেও শেষমেশ তার মনোনয়ন পাওয়া হয়নি। সোমবার (২০ এপ্রিল) বিকাল ৩ টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে চমক কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানান। অভিনেত্রী লেখেন, ‘কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন!’
নিজের রাজনৈতিক যাত্রা প্রসঙ্গে চমক বলেন, ‘আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’ দেশ ও মানুষের জন্য কাজ করার প্রত্যয় জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’ রাজনীতির নতুন এই পথচলায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করে তিনি বলেন, ‘আমার রাজনীতির এই নতুন পথচলায় আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।’



