৫ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩
বিনোদন

বলিউডের প্রস্তাব ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা হায়াত

bbc110c99c4ddb4b0bed70c59301bab2-69d730a7a2bef

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন অভিনেত্রী বিপাশা হায়াত। নাটক, সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রকলার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন। অভিনয়ে ফেরা প্রসঙ্গে বিপাশা হায়াত জানিয়েছেন, অভিনয় থেকে তিনি অবসর নেননি। ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি সেসব চরিত্রেই অভিনয় করতে চান, যেসব চরিত্রে তিনি ঘাম ঝরাবার সুযোগ পাবেন, অর্থাৎ চরিত্র হয়ে ওঠার জন্য যেখানে কঠিনতম সাধনা করার সুযোগ থাকবে, সেসব চরিত্রেই তিনি সানন্দে অভিনয় করবেন।

নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ মূলধারার অনেক বাণিজ্যিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, এমনকি বলিউড থেকেও হিন্দি সিনেমার প্রস্তাবও পেয়েছিলেন বলে জানান বিপাশা। সুযোগ পেলে আমাদের দেশের পথশিশুদের জন্য নিয়মিত কাজ করতে চান তিনি। এ ব্যাপারে তিনি বেশ সোচ্চার।

বিপাশা হায়াত বলেন, ‘যখনই সরকারের বা প্রশাসনের কারও সাথে আমার দেখা হয়, আমি বিনীত অনুরোধ জানাই পথশিশুদের পাশে দাঁড়াবার জন্য।’

বলিউড সিনেমার প্রস্তাব ফেরানোর কারণ ব্যাখ্যা করে বিপাশা হায়াত জানান, তখন তার মনে হয়েছিল তিনি তার দেশের মানুষকে কখনো ছোট করবেন না। তার দেশের মানুষ তাকে যেভাবে ভালোবাসে এবং দর্শকরা যেভাবে নিয়েছেন সেই দর্শক যদি দেখেন ওখানে যাওয়ার জন্য যেনতেন একটি চরিত্রে অভিনয় করছেন আসলে তিনি তা করতে পারেন না।

তিনি আরও বলেন, একজন তারকা হওয়ার চেয়ে নিজেকে তিনি ‘পাবলিক ফিগার’ হিসেবে দেখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর এই পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে বড় ধরনের দায়িত্ব। প্রতিটি কাজেই সেই দায়িত্ববোধ বজায় রাখা জরুরি এ বিশ্বাস থেকেই তিনি সিদ্ধান্ত নেন।

মানুষের ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন বিপাশা। তার মতে, পৃথিবীর যত সংঘাত, বিরোধ সবই ভালোবাসার অভাব থেকে জন্ম নেয়। তাই দর্শকের ভালোবাসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি মনে করেছেন, দেশের বাইরের চেয়ে দেশের ভেতরেই তার কাজের মূল্য বেশি।

Advertisements
Advertisements