বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বিনোদন

নিজ বাড়িতে মিলল জনপ্রিয় তামিল অভিনেত্রীর নিথর দেহ

Subashini Balasubramaniyam

দক্ষিণী ছোটপর্দার পরিচিত মুখ তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের রহস্যজনক মৃত্যু হয়েছে।গতকাল সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। আকস্মিক এই ঘটনায় হতভম্ব সহ-অভিনেতা ও ভক্তরা। মাত্র ৩৬ বছর বয়সেই এমন পরিণতি হবে, তা ভাবতে পারছেন না কেউই।

পুলিশ সূত্রে জানা গেছে, চেন্নাইয়ের বাসা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, ব্যক্তিগত জীবনের অশান্তির জেরেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন এই অভিনেত্রী।

ধারণা করা হচ্ছে, ঘটনার আগে স্বামীর সঙ্গে ভিডিও কলে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে এখন পর্যন্ত তার স্বামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীলঙ্কায় জন্ম নেওয়া সুভাষিণী ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণে পাড়ি জমান চেন্নাইয়ে। তামিল বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না তার জন্য। অডিশন, ছোট ছোট চরিত্র এবং কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হয়েছে তাকে।

অবশেষে ‘কয়াল’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন সুভাষিণী। এই ধারাবাহিকই তাকে জনপ্রিয়তা এনে দেয় এবং ক্যারিয়ারে শক্ত অবস্থান তৈরি করে। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী বিনোদন অঙ্গনে।

অভিনেত্রীতামিলমৃত্যুরহস্য