হঠাৎ বৃষ্টির দিনে প্রস্তুতি? সাথে যা রাখবেন

গরমের তীব্রতা কমেছে। সেই জায়গা দখল করেছে বৃষ্টি। এতে প্রশান্তির পরশ যেমন রয়েছে, তেমনই মুখোমুখি হতে হয় নানা অসুবিধারও। যেমন ধরুন আপনি বাইরে বের হয়েছেন, হুট করে বৃষ্টি শুরু হয়ে গেল। এমন অবস্থায় দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার আগেই ভিজে গেলেন। আবার রাস্তায় পানি-কাদা জমে থাকার কারণে পোশাক নষ্ট হওয়ার ঘটনাও কম নয়। বর্ষাকাল যদিও কাগজে-কলমে শুরু হয়নি এখনও। তবে বর্ষার আগাম বার্তা হিসেবে বৃষ্টির দেখা মিলছে। এসময়ে তাই বাইরে বের হওয়ার আগে কিছু প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
ছাতা সঙ্গে রাখুন
এটি যদিও সবারই জানা, তবু বৃষ্টির দিনে টানাটানির ভয়ে অনেকেই সঙ্গে ছাতা রাখতে চান না। বোঝা মনে না করে ছাতা সঙ্গে রাখুন। বাইরে বের হলে অবশ্যই ছাতা নিয়ে বের হবেন। কারণ বৃষ্টি আসতে পারে যখন-তখন। এসময় হঠাৎ ভিজে গেলে ঠান্ডার সমস্যা কিংবা জ্বরও হতে পারে।
রেইনকোট কেন জরুরি
যারা মোটর সাইকেল বা সাইকেল ব্যবহার করেন তারা অবশ্যই সঙ্গে রেইনকোট রাখবেন। কারণ এ ধরনের যান চালানোর সময় ছাতা ব্যবহার করা সম্ভব নয়। বৃষ্টির হাত থেকে রেহাই পেতে তাই রেইনকোট সঙ্গে রাখুন। চলতি পথে বৃষ্টি এলে সঙ্গে সঙ্গে রেইনকোট পরে নিন। এতে ভিজে যাওয়ার ভয় থাকবে না।
টিস্যু পেপারও রাখতে হবে
ব্যাগে টিস্যু পেপার রাখুন। এটি আপনাকে পরিচ্ছন্ন থাকতে সাহায্য করবে। রাস্তায় চলতে গিয়ে বৃষ্টির কারণে জমে থাকা কাদা-পানি পরিষ্কার করার জন্য এটি কার্যকরী। এক্ষেত্রে সঙ্গে এক বোতল পানি রাখুন সম্ভব হলে। প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। তাহলে আর রাস্তায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে না।
ইলেকট্রনিক ডিভাইস সংরক্ষণ
মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলি ওয়াটারপ্রুফ ব্যাগে রাখুন বা প্লাস্টিক দিয়ে ঢেকে নিন।
ছোট তোয়ালে
হঠাৎ করে বৃষ্টিতে শরীর ভিজে গেলে তা দ্রুত শুকানোর ব্যবস্থা নিন। সেক্ষেত্রে ব্যাগে ছোট তোয়ালে রাখতে পারেন। পানি শোষণ করতে সক্ষম এবং শুকিয়েও যায় সহজে এরকম তোয়ালে রাখা ভালো।
রাবারের স্যান্ডেল
বাজারে বিভিন্ন ধরনের প্লাস্টিক কিংবা রাবারের জুতা পাওয়া যায়, সেগুলো চাইলে পরতে পারেন। বর্ষায় রাস্তায় চামড়ার জুতা ব্যবহার করলে জুতা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। বেশিদিন পুরনো স্যান্ডেল না পরাই ভালো তা নাহলে পিছলে পড়ার আশঙ্কা থাকে।
পোশাক রাখুন সম্ভব হলে
বৃষ্টিতে কর্মক্ষেত্রে যাওয়ার সময় পোশাক ভিজে যাওয়ার মতো ঘটনা অনেকের সঙ্গেই ঘটে থাকে। এমন পরিস্থিতিতে ভেজা পোশাক নিয়ে পড়তে হয় মুশকিলে। কারণ ভেজা পোশাকে অফিস করা সম্ভব নয়। সুতরাং পোশাক শুকানো পর্যন্ত অপেক্ষা করা ছাড়া গতি থাকে না। তাই সম্ভব হলে ব্যাগে কিংবা অফিসের ডেস্কে এক সেট বাড়তি পোশাক রাখুন। এতে বৃষ্টিতে ভিজে গেলেও পোশাক নিয়ে মুশকিলে পড়তে হবে না।



