পরকীয়ার জেরে ঘর ভেঙেছে মৌসুমীর

দুই বছর আগে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা। তবে শেষ পর্যন্ত তাদের সম্পর্ক বিচ্ছেদের দিকে গড়িয়েছে। এ বিষয়ে পরকীয়ার অভিযোগ ঘিরে দাম্পত্য ভাঙনের পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে, ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আপাতত এ ব্যাপারে বিস্তারিত কিছু বলার পরিস্থিতিতে নেই বলে মৌসুমী হামিদ বিষয়টি এড়িয়ে গেছেন ।
গুঞ্জন রয়েছে, রানার বিবাহবহির্ভূত সম্পর্ক দীর্ঘ দিন ধরেই চলছে। নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর শোনা গেছে। মূলত এসব কারণে সংসারে অশান্তি শুরু হয় এবং সন্দেহ-শঙ্কার আবহ তৈরি হয়। দ্বন্দ্বের ফলে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা এবং মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠানো হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রানা। তিনি শুধু বললেন, ‘মাসচারেক ধরে আমরা আলাদা থাকছি। একসঙ্গে থাকতে পারছি না, তাই আলাদা থাকা। এর বাইরে আপাতত এ বিষয়ে কিছুই বলতে চাচ্ছি না।’

অন্যদিকে মৌসুমী হামিদ বলেন, ‘বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে। এরপর আরো কয়েকবার রানার প্রতারণা ধরা পড়ে। সংসারের কথা ভেবে আমি ওসব এড়িয়ে যাই। কিন্তু এবারের বিষয়টা বেশ সিরিয়াস, প্রমাণসহ ধরা পড়েছে। তাই এবার আর আমার পক্ষে মানা সম্ভব ছিল না। আমার মনে হয়েছে, যথেষ্ট। আর নয়। এর চেয়ে বরং আলাদা থাকাই ভালো।
বিনোদন অঙ্গনে মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত। মৌসুমী ও রানা ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেছিলেন। অনুষ্ঠানে তাদের শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।



