২৩ বছর ধরে খালি ‘ভূত’ ছবির ফ্ল্যাট, থাকতে চান না কেউ : কুসংস্কার নাকি কেবলই রহস্য?

বলিউডের জনপ্রিয় হরর চলচ্চিত্র ‘ভূত’ মুক্তির দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবে ছবিটির শুটিং হওয়া একটি ফ্ল্যাট এখনো খালি পড়ে আছে বলে জানিয়েছেন নির্মাতা রাম গোপাল ভার্মা। তাঁর দাবি, শুটিং শেষ হওয়ার পর থেকে সেখানে কেউ বসবাস করতে চাননি, ফলে দীর্ঘ ২৩ বছর ধরে ফ্ল্যাটটি প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
গ্যাংস্টার ও অপরাধভিত্তিক চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত হলেও ভারতীয় হরর সিনেমায় বিশেষ অবদান রেখেছেন রাম গোপাল ভার্মা। তাঁর নির্মিত ‘রাত’, ‘কৌন’ ও ‘ডরনা জরুরি হ্যায়’সহ একাধিক চলচ্চিত্র এই ঘরানায় নতুন ধারা তৈরি করে এবং পরবর্তী নির্মাতাদের প্রভাবিত করে।
২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ভূত’ চলচ্চিত্রটি সে সময়ের প্রচলিত হরর ধারার বাইরে গিয়ে নির্মিত হয়। যেখানে অধিকাংশ হরর ছবির প্রেক্ষাপট ছিল নির্জন প্রাসাদ বা গ্রামীণ পরিবেশ, সেখানে এই ছবির গল্প আবর্তিত হয়েছে মুম্বাইয়ের একটি ব্যস্ত নগরীর অ্যাপার্টমেন্টকে কেন্দ্র করে। কাহিনিতে দেখা যায়, এক দম্পতি নতুন ফ্ল্যাটে ওঠার পর ধীরে ধীরে সেখানে অশরীরীর উপস্থিতি টের পেতে শুরু করে, যা তাদের জীবনে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে।
ছবিটিতে অভিনয় করেছেন অজয় দেবগন ও উর্মিলা মাতন্ডকর। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নানা পাটেকর, রেখা, তনুজা ও ফারদিন খান। বিশেষ করে উর্মিলা মাতন্ডকরের অভিনয় ব্যাপক প্রশংসা অর্জন করে।
শুটিং লোকেশন হিসেবে ব্যবহৃত ফ্ল্যাটটি দীর্ঘদিন খালি পড়ে থাকার বিষয়টি নতুন করে কৌতূহল তৈরি করেছে দর্শক ও সিনেমাপ্রেমীদের মধ্যে। তবে এর পেছনে প্রকৃত কারণ ভয়, কুসংস্কার নাকি কাকতালীয়—তা এখনো স্পষ্ট নয়। তবুও ‘ভূত’ ছবির এই বাস্তব গল্প যেন চলচ্চিত্রটির ভৌতিক আবহকে আরও রহস্যময় করে তুলেছে।



