বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
জীবনযাপন

শাওয়াল মাসে বিয়ে নিয়ে ইসলাম কী বলে

শাওয়াল মাসে বিয়ে নিয়ে ইসলাম কী বলে

আমাদের সমাজে অনেকেই শাওয়াল মাসে বিয়ে করাকে অশুভ মনে করেন। এই ধারণার শিকড় পাওয়া যায় জাহিলি যুগের কুসংস্কারে, যখন মানুষ বিভিন্ন কাজের জন্য শুভ-অশুভ সময় নির্ধারণ করত। কিন্তু ইসলাম এ ধরনের বিশ্বাসকে সমর্থন করে না বরং এগুলোকে অজ্ঞতাপূর্ণ ধারণা হিসেবে বিবেচনা করে।

এই ভুল ধারণা দূর করার জন্যই রাসুল (সা.) নিজেই শাওয়াল মাসে বিয়ে করেছিলেন। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) তাকে শাওয়াল মাসেই বিয়ে করেন এবং একই মাসে তাদের দাম্পত্য জীবন শুরু হয়। তিনি গর্ব করে বলেন, ‘রাসুল (সা.)-এর অনুগ্রহ লাভে আমার চেয়ে সৌভাগ্যবান স্ত্রী আর কে আছেন?’ (সহিহ মুসলিম)

এতে স্পষ্ট হয়, শাওয়াল মাসে বিয়ে করা কোনোভাবেই অশুভ নয় বরং এটি একটি ভুল ধারণা ভাঙার বাস্তব উদাহরণ।

তবে অনেকের মধ্যে আরেকটি ধারণা আছে যে, শাওয়াল মাসে বিয়ে করা বিশেষভাবে সুন্নত বা অধিক ফজিলতপূর্ণ। ইসলামের মূল উৎস কোরআন ও হাদিসে এমন কোনো নির্দিষ্ট নির্দেশনা পাওয়া যায় না। অর্থাৎ, এই মাসে বিয়ে করলে আলাদা কোনো অতিরিক্ত সওয়াব পাওয়া যায়—এমন কথারও নির্ভরযোগ্য ভিত্তি নেই।

রাসুল (সা.)-এর বিয়েগুলো বছরের বিভিন্ন সময়ে হয়েছে। তাই ইসলাম নির্দিষ্ট কোনো মাস, দিন বা সময়কে বিয়ের জন্য নির্ধারণ করেনি। বরং সামর্থ্য, সুবিধা ও পারিবারিক পরিস্থিতি অনুযায়ী বছরের যেকোনো সময় বিয়ে করা বৈধ ও গ্রহণযোগ্য।

সুতরাং, শাওয়াল মাসে বিয়ে করা অশুভ—এ ধারণা যেমন ভুল, তেমনি এটিকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করাও সঠিক নয়। ইসলাম সহজ ও বাস্তবসম্মত জীবনব্যবস্থার কথা বলে, যেখানে কুসংস্কারের কোনো স্থান নেই।

ইসলামবিয়ে