পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলি, আটক একজন

রোববার দুপুর ১টা ২১ মিনিটের দিকে আমেরিকান পপতারকা রিহানার বেভারলি হিলসের এর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গায়িকার বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন এক নারী।
একাধিক স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একটি গুলি রিহানার বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়। এ সময় গায়িকা সশরীরে বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। তবে সৌভাগ্যবশত তার কোনো ক্ষতি হয়নি এবং তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ৩০ বছর বয়সী এক নারীকে আটক করে। লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, এলএপিডি-র ডাকাতি ও হত্যা বিভাগ বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে এখনো রিহানা বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
৩৮ বছর বয়সী রিহানা তার সঙ্গী র্যাপার এএসএপি রকি এবং তাদের তিন সন্তান- আরজেডএ, রায়ট ও রকির সঙ্গে এই বাড়িতে বসবাস করেন। ঘটনার সময় রিহানা ছাড়া পরিবারের অন্য সদস্যরা সেখানে ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রিহানা বর্তমানে সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন বলে জানানো হয়েছে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী রিহানা এ পর্যন্ত ২৫ কোটি ইউনিটের বেশি রেকর্ড বিক্রি করেছেন। ক্যারিবীয় ঘরানার গান দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ‘গুড গার্ল গন ব্যাড’ অ্যালবামের মাধ্যমে তিনি আন্তর্জাতিক তারকাখ্যাতি পান। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আম্ব্রেলা’, ‘টেক আ বো’ এবং ‘ডিস্টার্বিয়া’। এছাড়া ‘লাভ দ্য ওয়ে ইউ লাই’ ও ‘দ্য মনস্টার’-এর মতো বিশ্বখ্যাত গানেও তিনি কণ্ঠ দিয়েছেন।



