বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিনোদন

পঁচিশেই আকস্মিক বিদায় নিলেন ব্রাজিলিয়ান কনটেন্ট ক্রিয়েটর

Maria

পঁচিশ বছরেই চলে গেলেন ব্রাজিলিয়ান কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা রদ্রিগেস দা সিলভা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) শারীরিক অসুস্থতায় তার মৃত্যু হয়েছে। কিন্তু অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু জানা যায় নি।

গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের ছবি প্রকাশ করেছিলেন, নজর কেড়েছিলেন ভক্তদের; তার দুদিন বাদেই ঘটল নিয়তির বাস্তবতা। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন, যেতে হয় হাসপাতালে। কিন্তু আর ফেরা হলো না মারিয়ার।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মারিয়ার ঘনিষ্ঠ বন্ধু লুয়ানা লিলিয়ান ও লিভিয়া। লুয়ানা সামাজিক মাধ্যমে ‘মনোমুগ্ধকর মানুষ’ হিসেবে উল্লেখ করে শ্রদ্ধা জানিয়েছেন। এদিকে তার আরেক বন্ধু লিভিয়া জানান, মৃত্যুর মাত্র এক দিন আগেও তারা একসঙ্গে স্টুডিওতে কাজ করেছেন, নানা ভবিষ্যত পরিকল্পনাও করেছেন। ফলে এই অকাল মৃত্যু সবার কাছেই এক বড় ধাক্কা হয়ে এসেছে।

মারিয়া রিতা মূলত ফ্যাশন ও বিউটি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সুপরিচিত ছিলেন। ইন্টারনেটে তার কয়েক লাখ অনুসারী রয়েছে। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিক প্রতিবেদনে এটিকে ‘মেডিকেল ইমার্জেন্সি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।