দেড় যুগ পর মঞ্চে পপ তারকা হিলারি ডাফ

দীর্ঘ সময় সংগীত থেকে দূরে থাকার পর আবারও অ্যালবাম নিয়ে ফিরেছেন মার্কিন পপ তারকা ও অভিনেত্রী হিলারি ডাফ। এক দশকের বেশি সময় পর প্রকাশ করেছেন তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘লাক…অর সামথিং’। নতুন এই অ্যালবামের মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের নানা অনুভূতি তুলে ধরেছেন তিনি।
‘কাম ক্লিন’, ‘সো ইয়েস্টার ডে’, ‘ওয়েক আপ’-এর মতো জনপ্রিয় গান দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই শিল্পী ২০১৫ সালে ‘ব্রিদ ইন, ব্রিদ আউট’ অ্যালবাম প্রকাশের পর সংগীত থেকে কিছুটা বিরতি নেন। এরপর তিনি অভিনয়ে বেশি মনোযোগ দেন। দীর্ঘ সময় পর আবার সংগীতে ফেরার সিদ্ধান্ত ভক্তদের জন্য নতুন প্রত্যাশা তৈরি করেছে।
নতুন অ্যালবাম ‘লাক…অর সামথিং’-এ বেশ কয়েকটি গান রয়েছে, যার মধ্যে ‘ম্যাচিউর’ গানটিতে সম্পর্কের নানা বাস্তব দিক তুলে ধরা হয়েছে। আরেকটি গান ‘ইউ ডোন্ট টক’-এ পারিবারিক সম্পর্কের দূরত্ব ও আবেগের গল্প ফুটে উঠেছে। নিজের জীবনের নানা অভিজ্ঞতাকে খোলামেলা ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন এই শিল্পী।
সম্প্রতি তিনি ছোট পরিসরে ‘স্মল রুমস, বিগ নার্ভস’ নামের একটি মিনি ট্যুরও শুরু করেছেন। সেখানে নতুন অ্যালবামের গান গাওয়ার পাশাপাশি পুরোনো জনপ্রিয় গানও পরিবেশন করছেন। সংগীতের মঞ্চে আবার সক্রিয় হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে এই আয়োজন।
এ বছর জুনে শুরু হতে যাচ্ছে তার বড় আকারের ‘লাক মি’ ট্যুর। এই ট্যুর ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও মেক্সিকোর বিভিন্ন শহরে পারফর্ম করার পরিকল্পনা রয়েছে।
গ্ল্যামার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে হিলারি ডাফ জানান, নতুন অ্যালবামে নিজের জীবনকে খোলা বইয়ের মতো মেলে ধরবেন তিনি। তিনি বলেন, ‘আমার জীবনে নানা টানাপোড়েন রয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন, ‘এখন কেন শেয়ার করছি? কারণ, আমি এখন নিজেকে প্রস্তুত মনে করছি।’
দীর্ঘ বিরতির পর সংগীতে ফিরে আসা হিলারি ডাফের এই অ্যালবাম ভক্তদের কাছে নতুন আগ্রহ তৈরি করেছে। সংগীতজগতে তার এই প্রত্যাবর্তন কতটা সাড়া ফেলবে সেটিই এখন দেখার বিষয়।



