ইফতারের পর চা: স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

ইফতারের পর এক কাপ চায়েই নাকি পরম প্রশান্তি! ইফতারের পর যেন এককাপ না খেলেই নয়। তবে সেক্ষেত্রে একেক জনের চায়ের পছন্দ এক এক রকম। কারো দুধ চা, কারো আবার মসলা চা। তবে যে চা-ই পান করেন না কেন ,অবশ্যই আপনার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
ইফতারের পর শরীর ‘ছেড়ে দেওয়া’র মতো অনুভূতির পর এককাপ চায়ে আয়েশি চুমুকে, আপনার মন ও দেহ সতেজ এবং চাঙ্গা হয়ে উঠবে। চায়ের ক্যাফেইন ক্লান্তি দূর করতে সহায়তা করে। তবে, ইফতারের পর চা খাওয়া অনেকের কাছে প্রিয় অভ্যাস হলেও এতে কিছু ক্ষতিকর দিক রয়েছে।
রক্তে শর্করার দ্রুত ওঠা-নামাঃ
অনেকেই ইফতারে চায়ে অনেক চিনি যোগ করেন। যদি চায়ে অনেক চিনি থাকে, ইফতারের পর তা রক্তের গ্লুকোজ দ্রুত বাড়িয়ে দেয়। ডায়াবেটিস বা রক্তের শর্করার সমস্যায় থাকা ব্যক্তিদের জন্য এটি ক্ষতিকর।
আয়রন শোষণে বাধাঃ
চায়ের মধ্যে থাকা ট্যানিন আয়রনের শোষণ কমাতে পারে। ইফতার বা সেহরিতে যদি লেবুসহ বা অন্যান্য আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে চা খাওয়া হয়, তা শরীরের জন্য প্রয়োজনীয় আয়রনের পরিমাণ কমিয়ে দিতে পারে। বিশেষ করে শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য এটা সমস্যা হতে পারে।
গ্যাস্ট্রিক সমস্যাঃ
চায়ে থাকা ট্যানিন এবং ক্যাফেইন অতিরিক্ত হলে পেটে অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। এতে গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা বাড়তে পারে। বিশেষ করে যদি কেউ আগে থেকেই অ্যাসিড বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকে। এছাড়াও চায়ের ক্যাফেইন এবং ট্যানিন হজম প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে, ফলে পেট ফাঁপা বা গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে।
কিডনির উপর চাপঃ
ইফতারের পর শরীরের পানির চাহিদা বেশি থাকে, সে সময় ইফতারের সাথে অতিরিক্ত চা খেলে শরীর ডিহাইড্রেট হওয়ার কারণে কিডনিতে অতিরিক্ত চাপ পড়ে। ফলে দীর্ঘমেয়াদে কিডনির জন্য সমস্যা তৈরি হতে পারে।
রক্তচাপ ও হার্টের উপর প্রভাবঃ
চায়ের ক্যাফেইন কার্ডিয়াক পেশীকে প্রভাবিত করে, যার ফলে রক্তচাপ সাময়িকভাবে বেড়ে যেতে পারে। কার্ডিয়াক রোগীদের জন্য এটা ঝুঁকিপূর্ণ।
ক্যাফেইনের প্রভাবঃ
ইফতারের পর চায়ে থাকা ক্যাফেইন হৃদস্পন্দন বাড়াতে বা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে রাতে ঘুমের সমস্যা বা অনিয়মিত ঘুমের জন্য এটি ক্ষতিকর।
কিছু পরামর্শ
- ইফতারের পর ২০–৩০ মিনিট অপেক্ষা করুন চা খাওয়ার আগে।
- হালকা লিকার এবং কম চিনি যুক্ত চা পান করুন।
- বিকল্প হিসেবে গরম পানি, দুধ খাওয়া অনেকটা নিরাপদ।
- হারবাল টি (পুদিনা, আদা, দারচিনি) খেতে পারেন।
- ডায়াবেটিস, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ থাকলে চা পানের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন।



