বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিনোদন

‘একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা’

‘একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা’

২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিটি বছরের এই দিনে ভোরের আলো অন্যরকম মনে হয়, বাতাস যেন শোক আর গর্বের এক অদ্ভুত মিশ্র অনুভূতি বয়ে আনে। শোক, অহংকার আর গৌরবের এই দিনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দুই বাংলার জনপ্রিয় ও নন্দিত অভিনেত্রী জয়া আহসান।

শহীদ দিবস উপলক্ষে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি যেখানে বায়ান্নর ভাষা শহীদদের আত্মত্যাগ এবং বাংলা ভাষার প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কথা ফুটে উঠেছে।

জয়া লিখেছেন, ২১শে ফেব্রুয়ারি। এই দিনটা এলে ভোরের আলোটাও যেন একটু নরম হয়, বাতাসে ভেসে আসে অদ্ভুত এক শোক আর গর্বের মিশ্র গন্ধ। মনে হয়, মাটির খুব গভীর থেকে কেউ ফিসফিস করে বলছে, ‘ভাষাকে ভালোবাসো।’

তিনি আরোও লিখেন, ভাষা তো শুধু উচ্চারণ নয়। ভাষা মানে মায়ের আঁচলের গন্ধ, শৈশবের প্রথম ছড়া, প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। সেই ভাষাকে বাঁচিয়ে রাখতে ১৯৫২’র তরুণেরা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। গুলির শব্দের সামনে তারা ভয়কে ছোট করে দেখেছিল। কারণ তাদের কাছে বাংলা ছিল শ্বাসের মতো যা থামানো যায় না, থামানো উচিতও নয়।

ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে জয়া তার পোস্টে উল্লেখ করেন, সালাম, বরকত, রফিক, জব্বার; এই নামগুলো উচ্চারণ করলেই বুকের ভেতর কেমন হাহাকার জেগে ওঠে। তারা তো শুধু শহীদ নন, তারা আমাদের প্রতিটি ‘মা’ শব্দের ভেতরে লুকিয়ে থাকা সাহস। আমাদের আজ সহজে বাংলায় কথা বলার ও লেখার সুযোগ থাকা এই শহীদদেরই উপহার, তিনি মন্তব্য করেন।

জয়ার ভাষায়, একুশে ফেব্রুয়ারি মানে মাথা নত করে শ্রদ্ধা জানানো এবং ভেতর থেকে শক্ত হওয়া, নিজ ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা করা। তিনি লিখেছেন, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাঁদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না, শুধু হৃদয়ে সেই ঋণ বহন করেই জীবনযাপন করবো।

Advertisements