রমজানে ঢাকার ইফতার বাজার: স্বাদ, ঐতিহ্য আর শহুরে উৎসবের রঙ

রমজান এলেই ঢাকার চেনা চেহারা বদলে যায়। রমজানকে কেন্দ্র করে বিরাট ইফতার বাজার জমে ওঠে সেই মুঘল আমল থেকেই। কালের বিবর্তনে এখনো সে ঐতিহ্য টিকে আছে। বিকেলের পর থেকেই রাজধানীর বিভিন্ন অলিগলি, পুরোনো মহল্লা, ব্যস্ত সড়ক—সবখানেই যেন শুরু হয় এক আলাদা উৎসব। ইফতার বাজার শুধু খাবার কেনাবেচার জায়গা নয় এটি শহরের সংস্কৃতি, স্মৃতি ও সামাজিক মিলনমেলার এক অনন্য প্রকাশ। পুরান ঢাকার ঐতিহ্য থেকে শুরু করে নতুন ঢাকার আধুনিক আয়োজন সব মিলিয়ে ইফতার বাজার হয়ে ওঠে রমজানের প্রাণকেন্দ্র।
চকবাজার: ঐতিহ্যের শিকড়
পুরান ঢাকার চকবাজার ইফতারপাড়া বহু বছর ধরেই রাজধানীর ইফতার সংস্কৃতির প্রতীক। দুপুরের পর থেকেই শায়েস্তা খাঁর আমলের নির্মিত শাহী মসজিদের সামনের রাস্তাতে বসতে শুরু করে ইফতারের হাট। বিকেল গড়াতেই সরু রাস্তায় মানুষের ঢল নামে। বড় বড় ডেকচিতে ফুটতে থাকে হালিম, সিক কাবাবের ধোঁয়া উড়তে থাকে, আর মসজিদের সামনে সারি সারি সাজানো থাকে নানা পদের ভাজাপোড়া।
এখানে পাওয়া যায় বিখ্যাত ‘বড় বাপের পোলা’ মাছ, খাসির রানের কাবাব, মুঠি কাবাব, ডিমচপ, শাহী জিলাপি, দই বড়া, ঘুগনি, পেস্তা শরবত—তালিকা যেন শেষ হয় না। অনেক পরিবার দূরদূরান্ত থেকে শুধু একদিন চকবাজারে এসে ইফতার কেনাকাটা করেন ঐতিহ্যের স্বাদ নিতে।
বেইলি রোড: আধুনিক স্বাদের মিশেল
চকের পরেই ইফতারের জন্য নামকরা জায়গাটি হলো বেইলি রোড। রোজার এই একটি মাস পুরো বদলে যায় খাবারপাড়া নামে খ্যাত জায়গাটি। বেইলি রোডের ইফতার ৮০-এর দশক থেকে পরিচিতি লাভ করেছে। এখানকার অভিজাত রেস্টুরেন্টগুলোর পাশাপাশি স্কুল-কলেজের সামনের রোডে ফুটপাতের ওপর অস্থায়ী দোকানগুলোতেও শোভা পায় নানা ইফতারের পসরা।
শাহী হালিম, বিফ আচারি, কালো ভুনা, চিকেন সাসলিক, গ্রিল আইটেম, নানা ধরনের কাবাব—সবই পাওয়া যায় একসঙ্গে। তরুণদের উপস্থিতি এখানে বেশি চোখে পড়ে। পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে ইফতার আয়োজনের জন্য অনেকেই এই এলাকা বেছে নেন।
মিরপুর: সাশ্রয়ী ও বৈচিত্র্যময়
মিরপুর-২, মিরপুর-১০, পল্লবী, কল্যাণপুর—এই এলাকাগুলোতে ইফতার বাজারের আলাদা কদর আছে। মিরপুর ১১ নম্বরে স্থানীয়দের প্রথম পছন্দ বনলতা রেস্তোরাঁ। এখানকার ইফতারি আইটেমগুলোর মধ্যে আছে ফ্রাইড অনথন, ভেজিটেবল রোল, ফ্রাইড চিকেন, স্প্রিং রোল, ডিম চপ, আলুর চপ, চিকেন ড্রামাস্টিক, বারবিকিউ উইংস, চিকেন ললিপপ, চিকেন সাসলিক, বোনলেস চিকেন, চিকেন পপকর্ন, চিকেন এগ রোল, চিকেন শর্মা, বার-বি-কিউ, গরু ও খাসির হালিম, বিফ কাঠি কাবাব, এবং তান্দুরি চিকেন।
মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য মিরপুরের বাজার বেশ জনপ্রিয়। অনেকেই অফিস শেষ করে সরাসরি বাজারে এসে কেনাকাটা করেন। বিকেলের পর পুরো এলাকা জমজমাট হয়ে ওঠে।
মোহাম্মদপুর ও ধানমন্ডি: স্থানীয়দের প্রিয় আসর
মোহাম্মদপুরের টাউন হল এলাকা কিংবা ধানমন্ডির বিভিন্ন সড়কেও বসে ইফতার বাজার। এখানে ঐতিহ্যবাহী ছোলা-মুড়ি-বেগুনির পাশাপাশি চাপ, হালিম, কাবাব, রোস্ট—সবই পাওয়া যায়। স্থানীয় রেস্তোরাঁগুলোও বিশেষ ইফতার প্যাকেজ চালু করে।
এলাকাভিত্তিক এই বাজারগুলোতে প্রতিবেশীদের মিলনমেলা বেশি চোখে পড়ে। অনেক সময় একই দোকানে বছরের পর বছর ধরে মানুষ ইফতার কিনছেন এতে তৈরি হয়েছে এক ধরনের আত্মীয়তার সম্পর্ক।
ঢাকার ইফতার বাজার কেবল খাবারের আয়োজন নয় এটি শহরের অর্থনীতিরও বড় অংশ। হাজারো অস্থায়ী দোকানদার, কর্মচারী ও ছোট উদ্যোক্তা এই সময়টিকে ঘিরেই আয়ের বড় সুযোগ পান। অনেক পরিবার বছরের অন্য সময়ের চেয়ে রমজানেই বেশি উপার্জন করে।
তবে ভিড়, যানজট ও স্বাস্থ্যবিধি নিয়েও থাকে আলোচনা। প্রশাসনের পক্ষ থেকে প্রায়ই নজরদারি বাড়ানো হয়, যাতে খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত থাকে।
রমজানের বিকেল মানেই ছোলা-মুড়ি, জিলাপির গন্ধ, কাবাবের ধোঁয়া আর মানুষের ব্যস্ততা। শিশুরা বাবার হাত ধরে বাজারে আসে, তরুণরা বন্ধুদের সঙ্গে ছবি তোলে, পরিবারগুলো ইফতার সাজাতে ব্যস্ত হয়ে পড়ে।
ঢাকার ইফতার বাজার তাই কেবল পেট ভরানোর আয়োজন নয়—এটি এক সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, যেখানে স্বাদ, স্মৃতি আর মানুষের মিলন একাকার হয়ে যায়।
রমজানের এই এক মাস শহর যেন নতুন করে বাঁচে আর ইফতার বাজার হয়ে ওঠে সেই প্রাণের কেন্দ্রবিন্দু।



