মায়ের সেই রূপ দেখে থমকে গিয়েছিলাম: প্রিয়াঙ্কা

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি তার আসন্ন হলিউড চলচ্চিত্র The Bluff–এর প্রচারণার সময় শৈশবের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। প্রচারণামূলক এক সাক্ষাৎকারে তিনি জানান, একটি ঘটনা আজও তার মনে গভীরভাবে গেঁথে আছে—সেই মুহূর্তে তিনি নিজের মায়ের এক ভিন্ন রূপ দেখেছিলেন এবং ভয়ে থমকে গিয়েছিলেন।
প্রিয়াঙ্কার ভাষ্য অনুযায়ী, তখন তার বয়স ছিল প্রায় ১১ বছর। তিনি ও তার মা মধু চোপড়া দিল্লিতে একটি ট্যাক্সিতে করে ফিরছিলেন। রাতের সময় গাড়িচালক নির্ধারিত পথ ছেড়ে নির্জন রাস্তায় ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি সন্দেহজনক হয়ে ওঠে। ঠিক সেই সময় তার মা দ্রুত পরিস্থিতি বুঝে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানান।
তার কথায়, ‘ঠিক সেই মুহূর্তে মা পিছন থেকে চালকের গলা চেপে ধরেন। চিৎকার করে বলেন ‘গাড়ি এখনই মূল রাস্তায় ঘোরাও, আমার সাথে আমার ছোট মেয়ে আছে!’ মায়ের সেই রূপ দেখে আমি থমকে গিয়েছিলাম। এরপরের চার মাস আমি মায়ের কোনো কথার ওপর একটা কথা বলারও সাহস পাইনি।’
প্রিয়াঙ্কা বলেন, মায়ের আচমকা সেই কঠোর ও সাহসী প্রতিক্রিয়া দেখে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। পরে তিনি উপলব্ধি করেন, সেটি ছিল একজন মায়ের স্বাভাবিক সুরক্ষাবোধ এবং সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার প্রবল মানসিকতা।
এই স্মৃতির প্রসঙ্গ তিনি টেনেছেন The Bluff চলচ্চিত্রের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে। ছবিতে তিনি একজন প্রাক্তন জলদস্যুর ভূমিকায় অভিনয় করেছেন, যে চরিত্রে দৃঢ়তা, বেঁচে থাকার লড়াই এবং বিপদের মুখে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গুরুত্বপূর্ণ। নিজের শৈশবের সেই ঘটনার সঙ্গে চরিত্রটির মানসিক শক্তির মিল খুঁজে পান তিনি। তার মতে, জীবনের কঠিন মুহূর্তগুলো মানুষকে ভেতর থেকে বদলে দেয় এবং সাহসের প্রকৃত অর্থ শেখায়।
প্রিয়াঙ্কা চোপড়া বহু বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন। বলিউড থেকে হলিউডে পা রেখে তিনি একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাগুলোও তার অভিনয়ে প্রভাব ফেলেছে বলে তিনি একাধিকবার উল্লেখ করেছেন। এই সাম্প্রতিক স্মৃতিচারণও সেই ধারাবাহিকতার অংশ, যেখানে একজন অভিনেত্রী নিজের অতীত থেকে শক্তি নিয়ে পর্দার চরিত্রে প্রাণ সঞ্চার করেন।
মায়ের সেই রূপ তাকে ভয় পাইয়ে দিয়েছিল ঠিকই তবে একই সঙ্গে শিখিয়েছিল বিপদের সময় কীভাবে দৃঢ় থাকতে হয়। তার কথায়, সেই মুহূর্তটি ছিল ভীতিকর কিন্তু আজ তা তার কাছে সাহসের এক মূল্যবান শিক্ষা।



