পবিত্র মাহে রমজান: জানা গেল রোজা শুরুর তারিখ

রমজান কেবল একটি মাসের নাম নয়; এটি আত্মশুদ্ধি, সংযম ও নৈতিক উন্নতির এক অনন্য সাধনার সময়। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আগত এই মাসে, ইবাদতের প্রতিটি আমল বহুগুণ সওয়াবের মাধ্যমে বিশেষ তাৎপর্য লাভ করে। রোজা, নামাজ, দান-সদকা ও কুরআন তিলাওয়াত—সবকিছু মিলিয়ে একজন মুমিনের চিন্তা-চেতনা, আচরণ ও জীবনদৃষ্টিতে আসে ইতিবাচক পরিবর্তন।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে অর্থাৎ ১৮ বা ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হতে পারে। তবে হিজরি ক্যালেন্ডার চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চূড়ান্ত তারিখ ঘোষণা করবে প্রতিটি দেশের স্থানীয় চাঁদ দেখা কমিটি। এবার অধিকাংশ মুসলিম দেশ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে।
হিজরি ক্যালেন্ডার চাঁদভিত্তিক হওয়ায় প্রতিটি মাস শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে। সে কারণে দেশ ও অঞ্চলের ভিন্নতার ভিত্তিতে রমজান শুরুর তারিখে পার্থক্য দেখা যায়। জ্যোতির্বিজ্ঞানের হিসাব বলছে, চলতি বছর পবিত্র রমজান মাস ইসলামী বিশ্বের সব দেশে একই দিনে শুরু নাও হতে পারে। কোথাও ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেন, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী এ বছর রমজান ২৯ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনাই বেশি। ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনাই সর্বোচ্চ।
আমিরাতে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট জানিয়েছে, ঐতিহ্যগতভাবে চাঁদ দেখার পরই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
ওমান ঘোষণা করেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) শাবান মাসের শেষ দিন ও বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন। দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কোনো অঞ্চল থেকে চাঁদ দেখা সম্ভব হবে না। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ওই দিন চাঁদ দেখা অসম্ভব হওয়ায় ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে।
ভারতে অন্যান্য দেশের মতোই স্থানীয়ভাবে চাঁদ দেখার পর রমজানের তারিখ ঘোষণা করা হবে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে।
তুরস্ক ১৯ ফেব্রুয়ারি রোজার প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে আগাম জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী।
অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল ঘোষণা করেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর তারাবির নামাজের মাধ্যমে রমজানের প্রথম রাত শুরু হবে বলে জানিয়েছেন গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামাদ । অন্যদিকে , সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলও একই সিদ্ধান্ত জানিয়েছে। দেশটির মুফতির নেতৃত্বে গঠিত কাউন্সিল নিশ্চিত করেছে যে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদ দেখা অসম্ভব হওয়ায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে।



