অবশেষে ৫৬ বছর পর ভোট দিতে এলেন রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নতুন করে আলোচনায় এসেছে এলাকাটি। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা গত ৫৬ বছর ধরে ভোটকেন্দ্রে যান না। তবে আজ এই ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা গেছে নারীদের উপচে পড়া ভিড়।
এত বছর কেন ভোট দেননি জানতে চাইলে আয়েশা বেগম বলেন, ‘নিষেধ ছিল। স্থানীয় লোকজন আমাদের বোঝানোর পর ভোট দিতে এসেছি।’ এছাড়াও,দক্ষিণ চর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা ৯০ বছর বয়সের মহিফুলের নেছা বলেন, ‘এই প্রথম জীবনে ভোট দিলাম। রূপসা ইউনিয়নের বাসিন্দা নূরজাহান বেগম বলছিলেন, তাঁর বিয়ে হয়েছে ৪৫ বছর। এ সময় তিনি কোনো ভোট দেননি। এখন তিনি মনে করেন, এত দিন ভোট না দিয়ে আসলে ভুল করেছেন তিনি তাই ভোট দিতে এসেছেন।
এ ব্যাপারে স্থানীয়রা জানায়, কোন এক সময় স্থানীয়ভাবে নারীদের ভোটকেন্দ্রে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। নির্বাচন কমিশন থেকে বিভিন্ন সময়ে নারীদের ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহ দিলেও এত বছর তাঁরা আসেননি। সম্প্রতি চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নারীদের নিয়ে বৈঠক হয়। সেসব বৈঠকে নারীদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো হয়। স্থানীয় প্রশাসন এই ইউনিয়নের আলেম, ইমাম, মুয়াজ্জিন ও সাধারণ মানুষদের নিয়ে বৈঠক করে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৬৯৫ জন। এর মধ্যে নারী ভোটার প্রায় ১০ হাজার ২৯৯ জন। তাদের অংশগ্রহণ এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।



