আজ প্রিয়জনকে টেডি উপহার দেওয়ার দিন

ভালোবাসার সপ্তাহের চতুর্থ দিন হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে টেডি ডে। রোজ ডে দিয়ে শুরু হওয়া ভ্যালেন্টাইন উইকের এই দিনটি প্রেমের সম্পর্কে কোমলতা, মায়া ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। প্রিয়জনকে আদুরে একটি টেডি বিয়ার উপহার দেওয়ার মধ্য দিয়েই দিনটি উদযাপন করেন প্রেমিক-প্রেমিকারা।
কার্ড, ফুল কিংবা চকোলেটের পাশাপাশি টেডি বিয়ার এখন ভালোবাসা জানানোর অন্যতম জনপ্রিয় মাধ্যম। সময়ের সঙ্গে যার আবেদন ফুরিয়ে যায় না, এমন উপহারের তালিকায় টেডি বিয়ার আলাদা স্থান করে নিয়েছে।
সম্পর্কের নীরব ভাষা টেডি
প্রেমিক-প্রেমিকার মান-অভিমান ভাঙানো হোক বা প্রিয় মানুষকে বিশেষ অনুভব করানো—সব ক্ষেত্রেই টেডি বিয়ারের জুড়ি নেই। এটি শুধুই একটি খেলনা নয়; বরং প্রিয়জনের অনুপস্থিতিতে তার উপস্থিতির অনুভূতি জাগিয়ে তোলে। নরম এই পুতুলটি ভালোবাসার গভীরতা ও আবেগের প্রতিচ্ছবি হিসেবেই ভ্যালেন্টাইন ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশেষ করে দূরত্বের সম্পর্কে টেডি বিয়ার হয়ে ওঠে সঙ্গীর নীরব প্রতিনিধি। প্রিয়জনের পাঠানো টেডিকে জড়িয়ে ধরে অনেকেই খুঁজে পান ভালোবাসার উষ্ণতা।
টেডি বিয়ারের জন্মকথা
টেডি বিয়ারের পেছনে রয়েছে এক আবেগঘন ইতিহাস। ১৯০২ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট মিসিসিপিতে শিকারে গিয়ে একটি ছোট কালো ভাল্লুক ছানাকে গুলি করতে অস্বীকৃতি জানান। তার এই মানবিক সিদ্ধান্ত নিয়ে কার্টুনিস্ট ক্লিফোর্ড বেরিম্যান একটি ব্যঙ্গচিত্র আঁকেন।
সেই কার্টুন থেকে অনুপ্রাণিত হয়ে মরিস মিকটম ও তার স্ত্রী প্রথম খেলনা ভাল্লুক তৈরি করেন। প্রেসিডেন্টের ডাকনাম ‘টেডি’ থেকে নামকরণ করা হয় ‘টেডি বিয়ার’। ১৯০৩ সাল থেকেই এটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে।
রঙে রঙে ভালোবাসার বার্তা
টেডি ডে-তে কোন রঙের টেডি উপহার দেওয়া হচ্ছে, তারও রয়েছে আলাদা অর্থ—
লাল টেডি– লাল রঙের টেডি গভীর ভালোবাসা ও আবেগের প্রতীক। এটি একটি সম্পর্কের দৃঢ়তা ও ভালোবাসার তীব্রতা প্রকাশ করে।
গোলাপি টেডি– গোলাপি রঙের টেডি মূলত প্রস্তাব গ্রহণের ইঙ্গিত দেয়। উপহার গ্রহণ করা হলে তা ভালোবাসার প্রস্তাবে ইতিবাচক সাড়া হিসেবে ধরা হয়।
কমলা টেডি– কমলা রঙের টেডি আনন্দ ও ইতিবাচকতার প্রতীক। এটি একটি সম্ভাব্য প্রস্তাব বা নতুন সম্পর্কের ইঙ্গিত বহন করে।
নীল টেডি– নীল রঙের টেডি গভীর ও আন্তরিক ভালোবাসার প্রকাশ। এটি বোঝায় প্রিয়জনের প্রতি ভালোবাসার গভীরতা এবং সম্পর্কের সৌভাগ্য।
সবুজ টেডি– সবুজ টেডি দৃঢ় প্রতিশ্রুতি ও নিবিড় মানসিক সংযোগের প্রতীক। এটি বিশ্বাসভিত্তিক ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ইঙ্গিত দেয়।
নতুন ট্রেন্ডে কাস্টমাইজড টেডি
বর্তমানে টেডির গায়ে প্রিয়জনের নাম বা ছবি প্রিন্ট করে কাস্টমাইজড উপহার দেওয়ার প্রবণতাও বেড়েছে। সঙ্গে একটি ছোট্ট রোমান্টিক নোট যোগ হলে উপহারটি হয়ে ওঠে আরও বিশেষ।টেডি ডে উপলক্ষে প্রিয় মানুষের পছন্দের রঙের একটি ছোট বা বড় টেডি দিয়েই প্রকাশ করা যায় মনের কথা—নরম, নিঃশব্দ আর গভীরভাবে।



