বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
নারী

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণার জেরে সাইবার বুলিংয়ের শিকার ডা. মাহমুদা মিতু

mitu

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ততই বাড়ছে সাইবার অপরাধ ও অপতথ্যের বিস্তার। বিশেষ করে নারী প্রার্থীদের লক্ষ্য করে ছড়ানো হচ্ছে ভুয়া ছবি, এআই-তৈরি ভিডিও ও মনগড়া গল্প। এতে সম্মান, নিরাপত্তা ও রাজনৈতিক অংশগ্রহনের ক্ষেত্রে নারীরা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

ডা: মাহমুদা আলম মিতু, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও দক্ষিণাঞ্চলীয় সংগঠক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেয়ার পর থেকেই সাইবার বুলিং ও অনলাইন হেনস্তার শিকার হচ্ছেন । ডা. মাহমুদা মিতু জানান, জামায়াতকে সমর্থন দিয়ে দাঁড়িপাল্লার প্রচারণায় যুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অনলাইনে কুৎসা, ব্যক্তিগত আক্রমণ ও নারীবিদ্বেষী মন্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব আক্রমণ একজন নারী হিসেবে যেমন গভীর মানসিক চাপ তৈরি করছে তেমনি একজন  রাজনৈতিক কর্মী হিসেবেও তাকে ক্ষতিগ্রস্ত করছে।

‎তিনি মনে করেন, একজন নারী নেতা হিসেবে দক্ষিণাঞ্চলে তার জনপ্রিয়তা , দৃশ্যমান উপস্থিতি এবং জামায়াত-সমর্থিত জোটের পক্ষে দাঁড়িপাল্লার প্রচারণায় যুক্ত হওয়াই আক্রমণের মূল কারণ। এই সাইবার বুলিং নির্বাচনী পরিবেশে নারী প্রার্থীদের ভয় দেখানো ও মনোবল ভাঙার কৌশল হিসেবেই ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন তিনি।

২০২৫ সালের ১১ ডিসেম্বর তাকে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। তিনি এসব সাইবার সহিংসতার বিরুদ্ধে আইনগত ও সামাজিকভাবে প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, কিন্তু মতের কারণে নারীদের এভাবে হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মনে করেন। একইসাথে নির্বাচনকে কেন্দ্র করে নারী রাজনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Advertisements

তবে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী প্রার্থীদের নিরাপত্তা ও সাইবার বুলিং প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি জানান, একটি বিশেষ সেল ২৪ ঘণ্টা সাইবার স্পেসে নারীর বিরুদ্ধে হওয়া সহিংসতা ও বুলিং পর্যবেক্ষণ করবে। এছাড়াও, ভলান্টিয়ারদের যুক্ত করে দেওয়া হবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য দ্রুত মন্ত্রণালয়ের কাছে পৌঁছায়।

Advertisements