হাইকোর্টের রায় ঘিরে নারীর অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা মানা হবে না: মহিলা পরিষদ

দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিশি কাউন্সিলের অনুমতির বিষয়ে হাইকোর্ট বিভাগের দেওয়া রায়কে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির মতে, এই রায়কে ঘিরে নারীর অধিকার খর্ব করার যে কোনো প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
সোমবার সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি নারীর প্রতি বিদ্বেষমূলক মনোভাব থেকে এমন কিছু প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে, যা সরাসরি নারীর মানবাধিকার ও মর্যাদার পরিপন্থী। তারা মনে করেন, একটি বিচারিক সিদ্ধান্তকে সামনে রেখে যদি নারীর অধিকার লঙ্ঘনের পথ তৈরি হয়, তবে তা হবে অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, নারী অধিকার ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগকে আরও সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নারীকে মানুষ হিসেবে পূর্ণ সম্মান ও অধিকার নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্র ও সমাজের সব স্তরের সচেতনতা জরুরি।
বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তারা নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক, সাংস্কৃতিক ও আইনগত বৈষম্য দূর করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নারীর মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে তারা তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।



