বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
নারী

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে খুন: র‌্যাব

Untitled-2

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসায় স্কুলছাত্রী ফাতেমা আক্তার নিলিকে শ্বাসরোধ ও গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রেস্তোরাঁ কর্মচারী মিলন মল্লিক (২৮)–কে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৩–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান।

র‍্যাব জানায়, মিলন মল্লিক দীর্ঘদিন ধরে স্কুলছাত্রী ফাতেমাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি হত্যাকাণ্ড ঘটান।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের একটি টিনশেড বাসা থেকে ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিহতের বাবা সজিব মিয়া খিলগাঁও থানায় মামলা করেন। পরে মামলাটির ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-৩।

Advertisements

র‍্যাব-৩ ও র‍্যাব-৬–এর যৌথ অভিযানে রোববার রাত সাড়ে আটটার দিকে বাগেরহাট সদর উপজেলার বড় সিংগা এলাকা থেকে মিলন মল্লিককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি বাগেরহাট সদরের মান্ডা বাশখালী এলাকায়।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, মিলন আগে নিহতের বাবার রেস্তোরাঁয় কাজ করতেন। দুই মাস আগে আবার সেখানে কাজে যোগ দেন। রেস্তোরাঁর খাবার রান্না হতো সজিব মিয়ার বাসায়, আর মিলন সেখান থেকে খাবার আনা-নেওয়ার কাজ করতেন।

ঘটনার সময় ফাতেমার বাবা-মা ও ভাই পারিবারিক কাজে গ্রামের বাড়িতে ছিলেন। বাসায় একা ছিলেন ফাতেমা।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ঘটনার দিন দুপুর ১টা ৩৬ মিনিটে মিলন বাসায় প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর ফাতেমার বোন শোভা আক্তারের সঙ্গে বের হন। শোভা ব্যায়ামাগারে চলে গেলে দুপুর ২টা ২৫ মিনিটে মিলন আবার বাসায় ঢোকেন এবং প্রায় ২০ মিনিট পর বেরিয়ে যান। এই সময়ের মধ্যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

র‍্যাব জানায়, ঘটনার দিন মিলন নাইলনের রশি নিয়ে বাসায় গিয়ে ফাতেমার গলায় পেঁচিয়ে ধরেন। এতে সে মেঝেতে পড়ে যায়। চিৎকার শুরু করলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় রান্নাঘর থেকে বটি এনে তাকে গলাকেটে হত্যা করেন তিনি।

হত্যাকাণ্ডের পর বাসার আসবাবপত্র তল্লাশি করে কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন মিলন।

র‍্যাব আরও জানায়, অভিযুক্তের কাছ থেকে হত্যাকাণ্ডের সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি হত্যায় ব্যবহৃত বটি ও নাইলনের রশিও জব্দ করা হয়েছে।

র‍্যাব-৩–এর অধিনায়ক বলেন, হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

Advertisements