বছরজুড়ে ফ্যাশনে যে ট্রেন্ডগুলো রাজত্ব করবে

নতুন বছরের শুরু থেকেই ফ্যাশনপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। এবার কোন ট্রেন্ডগুলো জনপ্রিয় হবে। কোন স্টাইল জায়গা করে নেবে ও কোনগুলো হারিয়ে যাবে তা নিয়েই চলছে আলোচনা। গত বছর লন্ডন, প্যারিস, মিলান ও নিউইয়র্ক ফ্যাশন উইকে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো তাদের স্প্রিং ও সামার কালেকশন তুলে ধরেছে। সেখান থেকেই স্পষ্ট এবারের ফ্যাশনে একরঙা পোশাক, ম্যাক্সিমালিজম, ঝালর, নানা টেক্সচার ও ক্লাসিক ট্রেঞ্চ কোট দাপট দেখাবে।
একরঙা পোশাকের আধিপত্য
এবার বসন্তে নির্দিষ্ট কোনো এক রঙ নয়। বরং উজ্জ্বল একরঙা পোশাকই হবে মূল আকর্ষণ। সাধারণত প্যাস্টেল বা ছোট ফুলের নকশা জনপ্রিয় হলেও। এবার সেই জায়গা দখল করছে হলুদ, লাল, সবুজ ও নীলের মতো সাহসী রঙ। লো, ডিওর ও ফেন্ডির রানওয়েতে এমন রঙিন শেডই বেশি দেখা গেছে।
স্টাইল টিপস: পুরো লুকে একটি উজ্জ্বল রঙের পোশাক বা অ্যাকসেসরিজ বেছে নিন। এতেই তৈরি হবে স্টেটমেন্ট লুক।
ম্যাক্সিমালিজমের প্রত্যাবর্তন
২০২৫ সালে যেখানে ‘কোয়ায়েট লাক্সারি’ বা মিনিমাল স্টাইল ছিল ট্রেন্ডে, এবার ফ্যাশন ফিরছে ‘লাউড লাক্সারি’র দিকে। বড় স্কার্ট, ভারী গাউন, দামি কাপড় আর নজরকাড়া গয়নার ব্যবহার স্পষ্ট। সেইন্ট লরেন্টের কালো চামড়ার পোশাক, মিশোনির রঙিন প্রিন্ট আর শ্যানেলের পালক ও টেক্সচারের ব্যবহার ম্যাক্সিমালিজমকে আরও জোরালো করেছে।
ঝালরের ঝলক
বর্তমান সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রভাব ফ্যাশনেও পড়ছে। তাই সাধারণ পোশাকেও আলাদা কিছু যোগ করার প্রবণতা বাড়ছে। ঝালর দেওয়া ব্যাগ, ফ্রিঞ্জ স্কার্ট বা অলংকৃত পোশাক এখন ফ্যাশনের কেন্দ্রবিন্দু। অস্ট্রেলিয়ান ব্র্যান্ড এইজ, বাল্মাইন ও লুই ভিঁতোঁর কালেকশনগুলোতে ঝালরের ব্যবহার ছিল চোখে পড়ার মতো।
টেক্সচারের খেলা
ঘরএ বছর বসন্ত ও গ্রীষ্মজুড়ে পোশাকে টেক্সচারের গুরুত্ব বাড়বে। ফ্রিল, স্তরযুক্ত কাপড় ও অসমান নকশা রানওয়েতে দারুণভাবে উঠে এসেছে। এই ট্রেন্ডের ভালো দিক হলো নিজের পুরোনো পোশাকেও সামান্য পরিবর্তন এনে সহজেই এই লুক তৈরি করা যায়।
ট্রেঞ্চ কোটের ফিরে আসা
ট্রেঞ্চ কোট কখনোই ফ্যাশন থেকে হারায় না। আর এবারও তার ব্যতিক্রম নয়। এলে সাবের শরীরঘেঁষা ট্রেঞ্চ কোট বা গিভেন্সির হালকা রঙের ডিজাইন আবারও এই ক্লাসিক পোশাককে আলোচনায় এনেছে।
কর্মক্ষেত্রের স্টাইলিশ পোশাক
রঙিন ও ম্যাক্সিমাল ট্রেন্ডের মাঝেও কর্পোরেট ফ্যাশনের জন্য রয়েছে নতুন ভাবনা। ১৯৮০ এর দশক থেকে অনুপ্রাণিত ক্লাসিক স্যুট, শার্ট ও সোয়েটারের সঙ্গে লেয়ারিং। সব মিলিয়ে অফিস পোশাকেও থাকবে স্টাইল আর স্বাচ্ছন্দ্যের মেলবন্ধন।



